২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে শেষমুহূর্তে ভোটারদের কাছে ধরনা দিচ্ছেন প্রার্থীরা

জাপানের পার্লামেন্ট নির্বাচনের প্রার্থীরা শনিবার ভোটারদের কাছে গিয়ে তাদের ভোট দেওয়ার জন্য শেষবারের মতো আহ্বান জানাচ্ছেন। রোববার অনুষ্ঠেয় নির্বাচনে বিরোধী দল জিতবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2009, 12:00 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

টোকিও, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---জাপানের পার্লামেন্ট নির্বাচনের প্রার্থীরা শনিবার ভোটারদের কাছে গিয়ে তাদের ভোট দেওয়ার জন্য শেষবারের মতো আহ্বান জানাচ্ছেন। রোববার অনুষ্ঠেয় নির্বাচনে বিরোধী দল জিতবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। ফলাফল তাই হলে রেকর্ড পরিমাণ বেকারত্ব ও বয়ষ্কের সংখ্যা দ্রুত বাড়তে থাকা সমাজে অপরীক্ষিত ডেমোক্র্যাট দলের জন্য সেটি একটি বড় পরীক্ষা হবে। গণমাধ্যমের জরিপে জানা গেছে, বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি প্রধানমন্ত্রী তারো আসোর লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) বিরুদ্ধে বিপুল জয় পাবে। ১৯৫৫ সালে প্রতিষ্ঠার পর মাত্র ১০ মাস ছাড়া বাকিটা সময় জাপান শাসন করেছে এলডিপি। পার্লামেন্টের নিু কক্ষের এই নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির বিজয় ঘটলে পার্লামেন্টে বছর দুয়েক ধরে চলা অচলাবস্থার অবসান ঘটবে। ২০০৭ সালে থেকে দলটি ও এর মিত্ররা কম ক্ষমতাসম্পন্ন উচ্চ কক্ষ নিয়ন্ত্রণ করে আসছে। ফলে তারা প্রায়ই এলডিপির বিভিন্ন আইন ও সিদ্ধান্ত গ্রহণের বিলম্ব ঘটাতে সক্ষম হচ্ছিল। ডেমোক্র্যাটিক পার্টির নেতা ইউকিও হাতোইমা পশ্চিমাঞ্চলের শহর সাকাইয়ে শনিবার এক জনসভায় বলেন, "শেষপর্যন্ত আগামী কাল এমন নির্বাচন এসেছে, যার ফলে আমরা জাপানের ইতিহাসে পরিবর্তন আনার কথা আগামী প্রজন্মকে বলতে পারব।" তারো আসো টোকিওতে এক সমাবেশে তাদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এক দশকের পুরনো দল ডেমোক্র্যাটদের সমালোচনা করে বলেন, দলটি নিরাপত্তা ইস্যুতে বেশ দুর্বল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে চলা অর্থনৈতিক মন্দার ভেতর চলতি অর্থবছরের দ্বিতীয় কোয়ার্টারে প্রবৃদ্ধি ফিরিয়ে আনার জন্য ক্ষমতাসীন দল সাধুবাদ পেতে পারে বলে ভোটারদের সমর্থন চান। একটি রেল স্টেশনে বক্তৃতায় তারো বলেন, "এলডিপি-কে পুনরায় ক্ষমতায় বসাতে আমি আপনাদের অনুরোধ করছি যাতে আমরা অর্থনীতিকে পুরোপুরি উদ্ধার করতে পারি।" আসাহি শিম্বুন পত্রিকার জরিপে জানা গেছে, ভোট দেওয়ার হার ৭০ শতাংশে পৌঁছাতে পারে। মনে হচ্ছে দেশের ভবিষ্যত নিয়ে উদ্বেগের কারণে জাপানিরা বেশি সংখ্যায় ভোটকেন্দ্রে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯১৫ ঘ.