তাইপে, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার আগামী সপ্তাহে তাইওয়ান সফরকালে প্রেসিডেন্ট মা ইং-জিয়াও তার সঙ্গে দেখা করবেন না। চীনের সঙ্গে নতুন করে উত্তেজনা এড়াতে শনিবার তাইওয়ানের পেসিডেন্টের অফিস থেকে একথা বলা হয়েছে।
বেজিংয়ের দৃষ্টিতে বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত দালাই লামা এ সপ্তাহের সফরে রোববার তাইওয়ানে পৌঁছাবেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, তিনি টাইফুনের মোরাকোটের আঘাতে দুর্গতদের সান্ত্বনা দিতেই তার এই সফর। ওই টাইফুনে দ্বীপটিতে ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আকারে বন্যা দেখা দিয়েছে।
প্রেসিডেন্টের মুখপাত্র টনি ওয়াং বলেছেন, "প্রেসিডেন্ট ও দালাই লামার মধ্যে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। ধর্মীয় ও মানবিক বিবেচনাতেই আমরা তার সফরের অনুমোদন দিয়েছি।"
চীন দালাই লামার প্রস্তাবিত তাইওয়ান সফরের নিন্দা জানিয়েছে । চীন বৃহস্পতিবার বলেছে, বেজিং যাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখে, তার এধরনের সফর হবে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে অন্তর্ঘাত সৃষ্টি করার সামিল।
চীন নাখোশ হবে এই ভয়ে গত বছর দালাই লামার সফর প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছিল তাইওয়ান। গত বৃহস্পতিবার তাইপে তাকে সফরের অনুমতি দেওয়ার কথা জানায়। সঙ্গে সঙ্গে চীন এই সিদ্ধান্তের নিন্দা জানায়।
চীনের তাইওয়ান অ্যাফেয়ার্স ব্যুরো এক বিবৃতিতে বলেছে, "দালাই কী পরিচয়ে বা কী উদ্দেশ্যে তাইওয়ানে প্রবেশ করতে যাচ্ছে সেটি কোনো বিষয়ই নয়। আমরা দৃঢ়ভাবে এর বিরোধিতা করছি।"
ভারতের ধর্মশালায় নির্বাসিত জীবনযাপনকারী দালাই লামাকে চীন বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে বরাবরাই তার বিদেশ সফরের নিন্দা জানিয়ে আসছে।
তাইওয়ানে নির্বাসিত তিব্বতি এবং বৌদ্ধদের বিশাল একটি অংশ বাস করে। ১৯৯৭ এবং ২০০১ সালে দালাই লামাকে তাইওয়ান সফরের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু গত বছর প্রেসিডেন্ট মা ইং জিয়াউয়ের অনীহার কারণে দালাই লামার ২০০৯ সালের তাইওয়ান সফরের আশা ভেস্তে যায়।
২০০৮ সালে ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই মা ইং চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নের ওপর জোর দিয়ে আসছেন এবং সংঘাত এড়িয়ে চলছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮০৪ ঘ.
bdnews24