২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ভাইয়ের পাশে সমাহিত হচ্ছেন কেনেডি

সিনেটর এডওয়ার্ড কেনেডিকে শনিবার সমাহিত করা হবে। শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত হয়ে তার প্রশস্তি বন্দনা ও শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন রাজনীতির এই বিশাল ব্যক্তিত্বের মৃত্যুকে যেন এক মহারাজার মহাপ্রয়াণ হিসেবে শোক ও শ্রদ্ধা জানাচ্ছে যুক্তরাষ্ট্রের জনগণ। ৭৭ বছর বয়সে ম্যাসাচুসেটসে নিজ বাসায় মারা যান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2009, 06:34 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

বোস্টন, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিনেটর এডওয়ার্ড কেনেডিকে শনিবার সমাহিত করা হবে। শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত হয়ে তার প্রশস্তি বন্দনা ও শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন রাজনীতির এই বিশাল ব্যক্তিত্বের মৃত্যুকে যেন এক মহারাজার মহাপ্রয়াণ হিসেবে শোক ও শ্রদ্ধা জানাচ্ছে যুক্তরাষ্ট্রের জনগণ। বছরাধিকাল মস্তিস্কের ক্যান্সারের সঙ্গে লড়ে মঙ্গলবার ৭৭ বছর বয়সে ম্যাসাচুসেটসে নিজ বাসায় মারা যান তিনি। ৪৭ বছর তিনি প্রভাবশালী সিনেটর হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। অর্ধশতক ধরে তিনি যুক্তরাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কেনেডিকে শনিবার সন্ধ্যায় ওয়াশিংটনের বাইরে আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে তার ভাই সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও সিনেটর বরার্ট কেনেডির পাশে সমাহিত করা হবে। এর আগে বোস্টনের শ্রমজীবী এলাকায় রোমান ক্যাথলিক ব্যাসিলিকায় কেনেডির শেষকৃত্যানুষ্ঠানে 'ইয়ো-ইয়ো মা' চেলো সঙ্গীত বাজানো হবে। অপেরা শিল্পী প্লাসিডো ডমিনিগো তার সুর ছড়িয়ে কেনিডের প্রতি শ্রদ্ধা জানাবেন। ২০০৩ সালে কেনেডির মেয়ে কারা ক্যান্সারে আক্রান্ত হলে তিনি প্রতিদিন 'আওয়ার লেডি অফ পারপেচুয়াল হেল্প ব্যাসিলিকায়' নিয়মিত প্রার্থনা করতেন। কারা গির্জাটির পাশেই একটা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কারার বয়স এখন ৪৯ বছর। এডওয়ার্ড কেনেডির শেষকৃত্যানুষ্ঠানে কংগ্রেসের অনেক সদস্য এবং অনেক নামী রাজনীতিক অংশ নেবেন। সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার, বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশও এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এখান থেকে কেনেডির কফিন রাজধানী ওয়াশিংটনে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে মোটরশোভাযাত্রা করে তার কফিন পৌঁছবে আর্লিংটনে। শুক্রবার জন এফ কেনেডি লাইব্রেরি অ্যান্ড মিউজিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। প্রায় ৩০ হাজার লোক কেনেডির প্রতি শ্রদ্ধা জানান। জাতীয় পতাকায় আবৃত কেনিডির কফিনের সামনে অনেকে অশ্র"সজল হয়ে ওঠেন। এরপর আরেক স্মরণঅনুষ্ঠানে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক দলের শীর্ষ সদস্যরা, বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করেন তার প্রতি। যুক্তরাষ্ট্রের কিংবদন্তি এ রাজনীতিক নাগরিক অধিকার এবং স্বাস্থ্যসেবা বিলের জন্য শেষ পর্যন্ত লড়ে গেছেন। এছাড়া দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসানে, আয়ারল্যান্ডে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ইরাক যুদ্ধেরও বিরোধিতা করেন। মার্কিন নীতির তুমুল বিরোধিতা করে কেনেডি বাংলাদেশের মু্িক্তযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছিলেন। যুদ্ধের সময় তিনি পশ্চিমবঙ্গে শরণার্থী শিবির পরিদর্শন করেন। প্রায় ৯ লাখ বাংলাদেশী শরণার্থীর দুর্দশা সম্পর্কে এ সময় তিনি সিনেটে অত্যন্ত মর্মস্পর্শী প্রতিবেদন জমা দিয়েছিলেন। পূর্ববঙ্গে সন্ত্রাসের রাজত্ব চলছে বলে মন্তব্য করেছিলেন এডওয়ার্ড। সেইসঙ্গে পূর্ববঙ্গে মানবিক ও রাজনৈতিক দুর্দশার জন্য পশ্চিম পাকিস্তানের (ইসলামাবাদ) প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন দুষ্কর্মে সহযোগিতা করার চেয়ে কোনও অংশে কম নয় বলেও কড়া বক্তব্য দিয়েছিলেন। শরণার্থীদের প্রতি বিশ্বের মনোযোগ আকৃষ্ট করা এবং তাদের সাহায্যের ব্যবস্থা করারও চেষ্টা নেন তিনি। ১৯৭২ সালে এডওয়ার্ড সদ্য জন্ম নেওয়া বাংলাদেশে আসেন। এখানে তিনি একটি শোভাযাত্রায় অংশ নেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১২৫৪ ঘ.