বেজিং, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কয়েক শতাব্দি ধরে লিওনার্দো দ্যা ভিঞ্চি'র 'মোনালিসা' এবং তার রহস্যময় হাসি মানুষকে বিমোহিত করে রেখেছে। এখন মোনালিসা তাদের মনে জন্ম নেওয়া সব প্রশ্নের জবাব দিচ্ছে- অবশ্য তা ম্যান্ডারিন ভাষায়।
ষোড়শ শতকের এই বিখ্যাত চিত্রকর্মটির ডিজিটাল ও ইন্টারঅ্যাকটিভ সংস্করণ বেজিংয়ে 'ওয়ার্ল্ড ক্লাসিক ইন্টারঅ্যাকটিভ আর্টস এক্সিবিশন' এ প্রদর্শিত হচ্ছে। গত সপ্তাহে শুরু হওয়া এই প্রদর্শনীতে মোনালিসার সঙ্গে উচ্চ-প্রযুক্তির মাধ্যমে করা আরও ৬০টি চিত্রকর্মের রেপ্লিকা দর্শকের প্রশ্নের জবাব দিয়ে বাড়তি বিস্ময় জাগিয়ে তুলছে।
প্রদর্শনীতে মোনলিসা দর্শকদের সঙ্গে কথা বলছে, হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে, নিজের বয়স ও জীবনের কথা বলছে।
"হ্যালো, আমি মোনালিসা। আপনার সঙ্গে পরিচিত হয়ে খুশি হলাম।" ম্যান্ডারিন ভাষায় বলছে মোনালিসা।
দ্যা ভিঞ্চির আরেকটি বিখ্যাত ছবি 'দ্যা লাস্ট সাপার'ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জীবন্ত করে তোলা হয়েছে। এতে যিশু তার শিষ্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি প্লাজমা ক্যানভাস জুড়ে হেঁটে বেড়াচ্ছেন।
এ ছাড়া প্রাচীন রোমান ও গ্রিক দেব-দেবীদের মূর্তির প্রমাণ সাইজ রেপ্লিকাও প্রদর্শনীতে শোভা পাচ্ছে যারা নানা রকম পোজ দিতে দিতে দর্শকদের শোনাচ্ছে প্রজ্ঞা, সৌন্দর্য ও জ্ঞানের কথা।
ঝাও ইউয়াঝি নামের একজন দর্শক বললেন, "আমি কলেজে চারকলায় পড়াশুনা করেছি। স্টুডিয়োতে এরা সবাই থাকে স্থির, কিন্তু এখানে সবাই জীবন্ত ও সচল। বেশ অবাক লাগছে, মুগ্ধ হচ্ছি।"
পুরনো ও নবযুগের শিল্পীদের এসব চিত্রকর্মের মুখে ভাষা দিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি গ্যালারি। প্রদর্শনীর আয়োজক ওয়াং হুই বলেছেন, ব্যাপক বিনিয়োগের মাধ্যমে দু'বছরের অক্লান্ত চেষ্টার পর সবাক করে তোলা রেপ্লিকাগুলো প্রদর্শনীর জন্য নিয়ে আসা সম্ভব হয়েছে।
রয়টার্সকে ওয়াং বলেন, "থ্রি-ডি, হলোগ্রাফিক ও কণ্ঠস্বর সনাক্তকরণ প্রযুক্তির সমন্বয় করে চিত্রকর্মের এ ধরনের কোনো প্রদর্শনী এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে।
অভিনব কৌশলের মাধ্যমে শিল্পকলার ওপর নতুন আলো ফেলার চেষ্টা ছাড়াও মোনালিসার রহস্যময় হাসিরও উত্তর খোঁজার চেষ্টা হয়েছে।
সেই প্রশ্ন করলে মোনালিসা জানাচ্ছে তার জীবনের কথা, এক সন্তানের মৃত্যুর পর কীভাবে সে আবার গর্ভবতী হল। জীবনের দুঃখ ও সুখের কাহিনীও আবেগের গলায় বলছে সে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭২৯ ঘ.
bdnews24