ওয়াক ব্লাফস, মাসাচুসেটস, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের সিনেটর এডওয়ার্ড কেনেডিকে শনিবার আর্লিংটন জাতীয় সমাধিস্থলে ভাই জন এফ কেনেডি ও রবার্ট কেনেডির পাশে সমাহিত করা হবে। এডওয়ার্ড কেনেডি এক বছরেরও বেশি সময় ব্রেন ক্যান্সারে ভুগে গত মঙ্গলবার ৭৭ বছর বয়সে ম্যাসাচুসেটস এর হায়ানিস পোর্টে নিজ বাড়িতে মারা গেছেন।
ভার্জিনিয়ার ওই সমাধিস্থলে শনিবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় তাকে সমাহিত করা হবে। এ সমাধিস্থলে মাত্র দুইজন মার্কিন প্রেসিডেন্ট কেনেডি এবং উইলিয়াম হাওয়ার্ড সমাহিত হয়েছেন। ১৯৩০ সালে তারা মারা যান।
এডওয়ার্ড কেনেডি মার্কিন সেনাবাহিনীতে থাকায় এবং নির্বাচিত কর্মকর্তা হিসেবে কাজ করার জন্য এ সমাধিস্থলে সমাহিত হওয়ার যোগ্য বিবেচিত হয়েছেন।
বৃহস্পতিবার মোটর শোভাযাত্রা করে তার লাশ হায়ানিসের বাড়ি থেকে বোস্টনে ভাইয়ের প্রেসিডেন্ট লাইব্রেরিতে নেওয়া হবে। এরপর শুক্রবার শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার লাশ জন এফ কেনেডি প্রেসিডেন্টশিয়াল লাইব্রেরিতে রাখা হবে।
এ গ্রন্থাগারের উন্নয়নে এডওয়ার্ড সহায়তা করেছিলেন। সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত তা জনগণের জন্য উন্মুক্ত থাকবে। এরপর ব্যক্তিগত উদ্যোগে সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে স্মরণানুষ্ঠান 'সেলিব্রেশন অব লাইফ মেমোরিয়াল সার্ভিস'।
শনিবার বোস্টনের বাসিলিকা গীর্জায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এডওয়ার্ড কেনেডির মেয়ে কারা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তিনি প্রতিদিন এখানে প্রার্থনা করতে আসতেন। কেনেডির শেষকৃত্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও যোগ দেবেন বলে মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪২৮ ঘ.
bdnews24