২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লস্কর প্রতিষ্ঠাতা হাফিজকে ধরতে ইন্টারপোলের 'রেড নোটিশ' জারি

পাকিস্তানের জঙ্গি দল লস্কর-ই-তৈয়্যবার (এলইটি) প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদকে ধরতে 'রেড নোটিশ' এলার্ট জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। হাফিজ সাঈদই গত নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার হোতা বলে ভারতের অভিযোগ। ওই হামলায় কমপক্ষে ১৬৬ জন নিহত হয়েছিল। এ হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 06:03 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

নয়াদিল্লি, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের জঙ্গি দল লস্কর-ই-তৈয়্যবার (এলইটি) প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদকে ধরতে 'রেড নোটিশ' এলার্ট জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। হাফিজ সাঈদই গত নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার হোতা বলে ভারতের অভিযোগ। ওই হামলায় কমপক্ষে ১৬৬ জন নিহত হয়েছিল। এ হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। সাঈদকে ধরার জন্য ভারতকে সহযোগিতা করতে এই এলার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছে ইন্টারপোল। বলা হয়েছে, এই 'রেড নোটিশ' আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নয়। তবে একটি দেশের কর্তৃপক্ষ সন্দেহজনক কাউকে গ্রেপ্তার কিংবা হস্তান্তরের উদ্দেশ্যে সেই ব্যক্তির অবস্থান এবং পরিচয় জানার জন্য সহায়তা চাওয়ার পর এটি জারি করা হয়েছে। ওয়ান্টেড হাফিজ সাঈদ লস্কর-ই-তৈয়বার দাতব্য সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রধান। তিনি মুম্বাই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও সংস্থার তালিকায় সাঈদের নাম অন্তর্ভুক্ত করার পর পাকিস্তান গত ডিসেম্বরে তাকে আটক করে। কিন্তু জুনে সাঈদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণ নেই জানিয়ে তাকে মুক্তি দেয় আদালত। পরে আবার তাকে গ্রেপ্তারের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে পাকিস্তান সরকার। মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি। সাঈদ ও এলইটি'র অন্য সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানকে চাপ দিয়ে আসছে ভারত। তবে পাকিস্তান জানিয়েছে, সাঈদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ তা থাকায় কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ বলেছেন, বিশ্বের প্রতিটি দেশকেই সাঈদের বিরুদ্ধে ইনটারপোলের এ এলার্টের প্রতি দৃষ্টি রাখতে হবে। কৃষ্ণ বুধবার সাংবাদিকদের বলেন, "বিশ্বের এদিকে নজর দেওয়া উচিত এবং এরপর তাদেরকে নিজে থেকেই কোনো সিদ্ধান্তে পৌঁছতে হবে বলে আমি মনে করি।" ইন্টারপোলের ওয়েবসাইটে সন্দেহভাজন হিসাবে হাফিজ সাঈদকে শনাক্ত করে বলা হয়েছে, অপহরণ, সন্ত্রাস, জীবন ও জনস্বাস্থ্যর বিরুদ্ধে অপরাধসহ আরও নানা আক্রমণাত্মক কর্মকাণ্ডের জন্য মুম্বাইয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অনেক সদস্য রাষ্ট্রই 'রেড নোটিশ'কে প্রভিশনাল গ্রেপ্তারের অনুরোধ হিসাবেই বিবেচনা করে বলে জানিয়েছে ইন্টারপোল। তবে এ সম্পর্কে পাকিস্তান সরকারের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২২৩ ঘ.