কাবুল, ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে গত সপ্তাহের নির্বাচনের আংশিক ফলে বুধবার দেখা গেছে, প্রেসিডেন্ট হামিদ কারজাই তার প্রধান প্রতিপক্ষ আবদুল্লাহ আবদুল্লাহর চেয়ে এগিয়ে আছেন। তবে অক্টোবরে ২য় দফা নির্বাচন এড়ানোর মতো পর্যাপ্ত ভোট তিনি পাননি।
১৭ শতাংশ ভোট গণনায় কারজাই ৪৩ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে, তার প্রতিপক্ষ সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ পেয়েছেন ৩৪ শতাংশ ভোট। কিন্তু ২য় দফা ভোট এড়াতে গেলে যে কোনও প্রার্থীকে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে।
ভোটের ফলাফল প্রতিদিনই আসছে। তবে চূড়ান্ত ফলাফল ৩ সেপ্টেম্বরের আগে প্রকাশ হবে না। এরই মধ্যে নির্বাচনে ব্যাপক জালিয়াতি, অনিয়মের অভিযোগ এবং তালেবান হুমকির কারণে কম ভোটার উপস্থিতির উদ্বেগের কারণে নির্বাচনের বৈধতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
নির্বাচনী কর্মকর্তারা প্রাথমিক ভোট গণনার ভিত্তিতে কোনও চূড়ান্ত জয় দাবি করা থেকে প্রার্থীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
এ পর্যন্ত ৯৪০,০০০ ভোট গণনা হয়েছে। নির্বাচন কমিশন বুধবার বলেছে, কারজাই পেয়েছেন, ৪২২,০০০ ভোট। ওদিকে, আবদুল্লাহ পেয়েছেন ৩৩০,০০০ ভোট।
অন্যান্য প্রার্থীদের মধ্যে রামাজান বাশারদোস্ত পেয়েছেন ১০৮,০০০ ভোট এবং আশরাফ গণি আহমাদজাই ২৮,০০০ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন। এটি ভোট গণনার একটি খন্ডচিত্র মাত্র। পুরো ভোট গণনা হতে আরও কিছু সময় লাগবে। বিবিসি একথা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২১৩ ঘ.
bdnews24