ওয়াশিংটন, ২৬ আগস্ট, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ঘুমাতে না দেওয়া, থাপ্পড় মারা, পানিতে ডুবানো, দেয়ালে মাথা ঠুকে দেওয়া---- এসব কায়দাতেই বন্দিদের কাছ থেকে কথা আদায় করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র জিজ্ঞাসাবাদকারীরা। সিআইএ'র একটি মেমোতে এ তথ্য দেওয়া হয়েছে।
২০০৪ সালের ৩০ ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের 'লিগ্যাল কাউন্সেল' কার্যালয়ে পাঠানো এই মোমো প্রকাশ করা হয় গত সোমবার। যুক্তরাষ্ট্রের 'অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল' এবং 'আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন' এর 'ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্ট' মামলার আওতায় মোমোটি প্রকাশ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেল এরিক হোল্ডার সোমবারেই সিআইএ'র বন্দি নির্যাতনের ঘটনা তদন্তে বিশেষ কৌসুলি নিয়োগ করেছেন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নৈতিকতার মানদণ্ড পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ইরাক ও আফগানিস্তানে বর্বর বন্দি নির্যাতনের ঘটনায় সিআইএ'র জিজ্ঞাসাবাদকারীদের বিচারের জন্য সুপারিশ জানানোর পর বিষয়টি খতিয়ে দেখার ওই সিদ্ধান্ত হয়।
সিআইএ'র কুখ্যাত কারাগারগুলোতে আটক আল-কায়েদা নেতাদের জেরা করার পক্রিয়ার বিবরণ দিয়ে মোমোতে বলা হয়েছে, এর উদ্দেশ্য ছিল গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য অসহায়ত্ব এবং নির্ভরশীলতার একটি আবহ তৈরি করে বন্দির কাছ থেকে কথা আদায় করা।
ওয়াশিংটন পোস্টে প্রথম প্রকাশিত এই দলিলে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদ করার আগে বন্দিকে ঝাঁকুনি খাওয়ানোর মতো এমন একটি অবস্থানে রাখা হত যাতে সে ঘুমাতে না পারে। জেরা শুরু হওয়ার পর ভুল শুধরে দিতে বন্দিকে থাপ্পড় মারা হত। বন্দিকে শারিরীকভাবে নির্যাতন করে কথা আদায় করার সবচেয়ে কার্যকর কৌশল হিসাবে দেয়ালে তার মাথা ঠুকে দেওয়া হত বলে দলিলে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১০ ঘ.
bdnews24