কাবুল, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে হামিদ কারজাইয়ের প্রধান প্রতিপক্ষ আব্দুল্লাহ আবদুল্লাহ রোববার ভোট জালিয়াতির অভিযোগ করেছেন। এর প্রমাণ আছে বলেও দাবি করেছেন তিনি।
নির্বাচনের তিনদিন পর এক সাংবাদিক সম্মেলনে আবদুল্লাহ আবদুল্লাহ বলেন, "আমরা প্রাথমিক যে রিপোর্ট পাচ্ছি তা উদ্বেগজনক। দেশজুড়ে নির্বাচনে হাজার হাজার অনিয়মের ঘটনা ঘটে থাকতে পারে--এ ব্যাপারে সন্দেহের কোনও অবকাশ নেই।"
ভোটে ব্যাপক জালিয়াতির প্রমাণ আছে বলে উল্লেখ করেছেন আবদুল্লাহ। তিনি বলেন, তার দল ইতোমধ্যেই ১০০ টি অভিযোগ পেয়েছেন।
তিনি আরও বলেন, "কারজাই শিবির, রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ও সরকারি কর্মকতারা ব্যাপক ভোট জালিয়াতি করেছে। এটি প্রতিরোধ করতে হবে। এটি নির্বাচনী প্রক্রিয়ার জন্য ক্ষতিকর।"
অন্য একটি নিউজ ব্রিফিংয়ে আফগানিস্তানের নির্বাচনী ওয়াচডগ বলেছে, তারা একগাদা অভিযোগ খতিয়ে দেখছে। তবে সেগুলো নির্বাচনের ওপর সরাসরি প্রভাব ফেলবে এমন কোনও লক্ষণ নেই।
নির্বাচন কমিশন বলেছে, মঙ্গলবার নির্বাচনের আংশিক ফল ঘোষণা করা হবে। তার আগেই কোনও ফল ঘোষণা না করার জন্য কমিশন প্রার্থীদেরকে সতর্ক করে দিয়েছে।
বৃহস্পতিবারের নির্বাচনের পর ভোট গণনা এখনও চলছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট হামিদ কারজাই নির্বাচনে জিতবেন বলে মনে করা হচ্ছে। জরিপেও তেমনটিই দেখা গেছে। তবে আবদুল্লাহর সঙ্গে ২য় দফা নির্বাচন এড়ানোর মতো ভোট তিনি পাবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৩ ঘ.
bdnews24