সউল, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে-জং এর মৃত্যুতে শোক জানাতে সউলে আসা উত্তর কোরিয়ার দূতরা শনিবার পুনঃএকত্রকরণ বিষয়ক দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন। বৈরী দুই প্রতিবেশীর মধ্যে দু'বছরের মধ্যে এটাই ছিল সবচেয়ে উচ্চ পর্যায়ের বৈঠক।
স্থানীয় গণমাধ্যম জানায়, কিম দায়ে জংয়ের শেষকৃত্যের একদিন আগে, শনিবারই পিয়ংইয়ংয়ের দূতদের ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা প্রেসিডেন্ট লী মিয়াং বাকের সঙ্গে সম্ভাব্য বৈঠকের জন্য সউলে অবস্থান একদিন বাড়িয়েছেন।
তবে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের খবরটি নিশ্চিত করতে পারেননি দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। ইয়োনহাপ বার্তা সংস্থা এক সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, কোনো কিছুই সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে "যে কোনো কিছু ঘটতে পারে।"
উত্তর কোরিয়ার দলটিতে দেশটির নেতা কিম জং ইলের একজন শীর্ষ সহযোগীও রয়েছেন। তারা শনিবার প্রায় দুই ঘণ্টা উত্তর কোরিয়ার পুনঃএকত্রকরণ বিষয়ক মন্ত্রী হিউয়ান ইন-তিকের সঙ্গে বৈঠক করেন।
ইয়োনহাপ জানায়, দলটির সঙ্গে মন্ত্রীর নৈশভোজে যোগ দেওয়ারও পরিকল্পনা রয়েছে।
উত্তর কোরিয়ার দলটির সউল সফরের মাধ্যমে দুই প্রতিপক্ষ দেশের সম্পর্কের বরফ গলার আভাস পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের জন্য নোবেলজয়ী দক্ষিণ কোরিয়ার নেতা কিম দায়ে-জং ৮৫ বছর বয়সে গত মঙ্গলবার মারা যান। তার শেষকৃত্যানুষ্ঠান রোববার রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৩৭ ঘ.
bdnews24