লন্ডন, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুক্তি পেয়ে দেশে ফিরে যাওয়া লকারবি বোমা হামলাকারীকে ত্রিপোলিতে বীরোচিতভাবে স্বাগত জানানোর তীব্র নিন্দা জানিয়েছে ব্রিটেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল বাসেত আল-মেগ্রাহিকে মানবিক কারণে মুক্তি দেওয়ার পর এখন আন্তর্জাতিক অঙ্গন থেকে ওঠা সমালোচনার ধাক্কা সামলানোর চেষ্টা চালাচ্ছে লন্ডন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড শুক্রবার বিবিসি রেডিওকে বলেছেন, "গণহত্যাকারী ত্রিপোলিতে বীরের সংবর্ধনা পাচ্ছে এ দৃশ্য খুবই হতাশা ও দুঃখজনক। ২৭০টি পরিবার ২১ বছর আগে হারানো প্রিয়জনের জন্য যখন প্রতিদিন শোকাচ্ছন্ন হয়, তারসঙ্গে এ দৃশ্য বেমানান।"
তিনি আরও বলেন, "লিবীয় সরকার আগামী কয়েকদিন বিষয়টিকে কীভাবে সামলাবে তার ওপর নির্ভর করেই বিশ্ববাসী দেশটির সভ্যসমাজে পুনরায় প্রবেশের চেষ্টাকে বিচার করবে।"
১৯৮৮ সালে লকারবির আকাশে বোমা হামলায় বিধ্বস্ত বিমানটির নিহত যাত্রীদের স্বজনদের পাশাপাশি যুক্তরাষ্ট্রও মেগ্রাহির মুক্তির তীব্র নিন্দা জানিয়েছে।স্কটল্যান্ড সরকারের এ পদক্ষেপকে ভুল আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বৃহস্পতিবার স্কটল্যান্ড মেগ্রাহিকে মুক্তি দেওয়ার পর ওবামা বলেন, "আমরা এর আপত্তি জানাতে স্কটিশ সরকারের সঙ্গে যোগাযোগ করেছি।"
বেতারে প্রচারিত একটি কথিকা অনুষ্ঠানে ওবামা এ ক প্রশ্নে জবাবে বলেন, " আমরা এটি ভুল বলেই মনে করি। আসলেই তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে কিনা তা নিশ্চিত হতে আমরা এখন লিবিয়া সরকারের সঙ্গে যোগযোগ করছি।' তাকে বরং গৃহবন্দি রাখা উচিত বলে ওবামা মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী কর্মকর্তাসহ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মেগ্রাহির মুক্তিতে দুঃখ প্রকাশ করেছেন এবং লিবিয়া মেগ্রাহিকে কিভাবে স্বাগত জানায় তার ওপরই ওয়াশিংটনের সঙ্গে লিবিয়ার সম্পর্ক নির্ভর করছে বলে ইঙ্গিত দেয় মার্কিন পররাষ্ট্রবিভাগ।
চিকিৎসকদের হিসাব অনুযায়ী ক্যান্সার আক্রান্তমেগ্রাহি তিন মাসেরও কম সময় বাঁচবেন।
স্কটল্যান্ডের লকারবি শহরে মার্কিন প্যান অ্যাম ফ্লাইটে বোমা হামলায় অভিযুক্ত হন ৫৭ বছর বয়স্ক মেগ্রাহি। ওই হামলায় ২৭০ জন নিহত হয়। এর মধ্যে ১৮৯ জনই আমেরিকার নাগরিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১৪৮ ঘ.
bdnews24