তেহরান, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নতুন মন্ত্রিসভার মন্ত্রীদের নামের তালিকা দিয়েছেন। কিন্তু এ তালিকায় অনুমোদন পেতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন তিনি। ইরানের এক ঊর্ধ্বতন এমপি বৃহস্পতিবার বলেছেন, গণপরিষদ আহমাদিনেজাদের প্রস্তাবিত কয়েকজন মন্ত্রীকে প্রত্যাখ্যান করতে পারে।
ইরানে ১২ জুনের বিতর্কিত নির্বাচন-পরবর্তী বিক্ষোভ-সহিংসতার পর আহমাদিনেজাদ ক্ষমতা কতোটা সুসংহত রাখতে পেরেছেন তা বোঝা যাবে মন্ত্রিসভা গঠনের এ চ্যালেঞ্জ মোকাবেলার মধ্য দিয়ে।
পার্লামেন্টের ভাইস স্পিকার এবং আহমাদিনেজাদের সমালোচক মোহাম্মদ রেজা বাহোনার বলেছেন, নতুন মন্ত্রিসভার জন্য আহমাদিনেজাদের প্রস্তাবিত ২১-সদস্যের তালিকার অন্ততপক্ষে ৫ জন পার্লামেন্টের ভোটে প্রত্যাখ্যাত হতে পারেন।
পার্লামেন্টের প্রভাবশালী রক্ষণশীল সদস্য এবং বিরোধী মধ্যপন্থীরা যারা নির্বাচনের পর থেকেই সরকারকে অবৈধ বলে আসছেন তারা ওই ৫ জনকে প্রত্যাখ্যান করতে পারেন। বাহোনার ৫ জনের নাম জানাননি।
মনোনয়ন পাওয়া মন্ত্রীদের মধ্যে আছেন, বর্তমান কমার্স মন্ত্রী মাসুদ মীরকাজেমি। তাকে নতুন তেল মন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও স্বাস্থ্য, সমাজকল্যাণ ও শিক্ষামন্ত্রী পদে তিন নারীকে মনোনীত করা হয়েছে। ইরানে ৩০ বছরের ইতিহাসে এই প্রথম তিন নারী মন্ত্রী মনোনীত হয়েছেন।
মনোনীতদেরকে পার্লামেন্টের ভোটে অনুমোদন পেতে হবে। কিন্তু আইএসএনএ বার্তা সংস্থা বাহোনারের উদ্ধৃতি দিয়ে বলেছে, "আমার কয়েকজন সহকর্মী এবং আমার মতে, আহমাদিনেজাদের প্রস্তাবিত প্রায় ৫ জন মন্ত্রী আস্থা ভোট পাবেন না।"বুধবার সন্ধ্যায় ইরানি গণমাধ্যম আহমাদিনেজাদের নতুন মন্ত্রিসভার নামের তালিকা জমা দেওয়ার কথা জানানোর পর বাহোনার একথা বলেন।
তবে অন্য একজন রক্ষণশীল এমপি জাভাদ করিমি কুদৌসি বলেছেন, মনোনীতদের ৮০ শতাংশই পার্লামেন্টের অনুমোদন পাবেন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা একথা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৬ ঘ.
bdnews24