ওয়াশিংটন, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কিউবার গুয়ানতানামো বে'র মার্কিন ঘাঁটি থেকে ৬ বন্দিকে বিদেশে হস্তান্তর করবে ওবামা প্রশাসন। এক মার্কিন কর্মকর্তা বুধবার একথা বলেছেন। ২০১০ সালের শুরুতে বিতর্কিত ওই বন্দি শিবির বন্ধের চেষ্টায় যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নেবে।
বিস্তারিত কিছু না জানিয়ে বিচার বিভাগের এক কর্মকর্তা বলেছেন, "৬ জনের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আদালত আগেই মুক্তির আদেশ দিয়েছে এমন বন্দি এবং ওবামা প্রশাসনের পর্যালোচনা পক্রিয়ায় মুক্তির অনুমোদন পাওয়া বন্দিরা।
একজন গুয়ানতানামো বন্দি মোহাম্মদ জাওয়াদকে শুক্রবার আফগানিস্তানে ফেরত পাঠানো হতে পারে। কিন্তু কর্র্তৃপক্ষ এখনও তার বিরুদ্ধে মার্কিন আদালতে অপরাধের অভিযোগগুলো বিবেচনা করে দেখছে। ২০০২ সালে গ্রেনেড হামলা চালিয়ে দুই মার্কিন সেনা ও দোভাষী হত্যার অভিযোগ আছে জাওয়াদের বিরুদ্ধে। একারণে তাকে মুক্তি না দেওয়ারও সম্ভাবনা আছে।
মিয়ামি হেরাল্ডের রিপোর্টে বলা হয়েছে, কংগ্রেসকে জানানো হয়েছে, দুই বন্দিকে পর্তুগাল এবং দুই বন্দিকে আয়ারল্যান্ডে পাঠানো হবে। ওবামা জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর বিদেশে ইতোমধ্যেই ১১ বন্দিকে পাঠানো হয়েছে।
ওয়াশিংটন পোস্ট বুধবার রিপোর্ট করেছে যে, ওবামা প্রশাসন বেশ কয়েকটি দেশ থেকে গুয়ানতানামো বন্দি নেওয়ার প্রতিশ্র"তি পেয়েছে।
এতে বলা হয়েছে, ব্রিটেন, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, পর্তুগাল এবং স্পেন গুয়ানতানামো বন্দি নিতে রাজি হয়েছে। এছাড়া অন্য আরও ৪ টি ইউরোপীয় দেশ এর আগে ওয়াশিংটনকে জানিয়েছিল, তারা বন্দি পুনর্বাসনে রাজি। অন্য আরও ৫ টি ইইউ দেশও কিছু বন্দি নেওয়ার কথা বিবেচনা করছে। পত্রিকায় একথা বলা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১০ সালের জানুয়ারির মধ্যে গুয়ানতানামো বন্দিশিবির বন্ধের প্রতিশ্র"তি দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২৯ ঘ.
bdnews24