২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের তথ্যপ্রমাণ দিতে চান ইরানের কারৌবি

ইরানে নির্বাচনের পরে আটক কিছু বিক্ষোভকারীকে ধর্ষণ করা হয়েছে- এ দাবির পক্ষে তথ্যপ্রমাণ দাখিলের জন্য ইরানের সংস্কারবাদী ধর্মীয়নেতা মেহেদি কারৌবি বুধবার প্রেসিডেন্টসহ রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছেন। তার দল থেকে এ কথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 12:24 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

তেহরান, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানে নির্বাচনের পরে আটক কিছু বিক্ষোভকারীকে ধর্ষণ করা হয়েছে- এ দাবির পক্ষে তথ্যপ্রমাণ দাখিলের জন্য ইরানের সংস্কারবাদী ধর্মীয়নেতা মেহেদি কারৌবি বুধবার প্রেসিডেন্টসহ রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছেন। তার দল থেকে এ কথা বলা হয়েছে। দ্যা ইতেমাদ-ই মেলি ওয়েবসাইটে বলা হয়েছে, কারৌবি পার্লামেন্টের স্পিকার আলী লারিজানিকে পাঠানো এক চিঠিতে ওই আবেদন জানিয়েছেন। লারিজানি এর আগে কারৌবির ধর্ষণের দাবি 'ভিত্তিহীন' অভিহিত করে নাকচ করে দেন। চিঠিতে কারৌবি বলেছেন, "আমি আপনার প্রতি একটি বৈঠকের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি... যাতে আমি বেশ কয়েকটি কারাগারে যৌন নির্যাতনের ব্যাপারে আমার কাছে থাকা তথ্যপ্রমাণ পেশ করতে পারি।" তিনি যোগ করেন, "আমি আপনার দ্রুত ও যৌক্তিক পদক্ষেপ নেওয়ার অপেক্ষায় রইলাম।" ১২ জুনের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ অবস্থান পাওয়া কারৌবি 'পুরুষ ও নারী নির্বিশেষে বেশ কিছু বিক্ষোভকারী ধর্ষণের শিকার হয়েছেন'- এ দাবি করে কট্টরপন্থিদের প্রচণ্ড সমালোচনার কবলে পড়েন। তিনি এ ব্যাপারে প্রমাণ দিতে না পারলে তাকে গ্রেপ্তারের দাবি করেছেন অনেকে। তবে কারৌবি বলেছেন, তার কাছে প্রমাণ আছে। গত বৃহস্পতিবার তিনি বলেন, গ্রেপ্তার হওয়াদের কয়েকজন নির্যাতনে মারা গেছে। নির্বাচনে দ্বিতীয় স্থান অধিকারী মীরহোসেন মুসাভি গত মঙ্গলবার কারৌবির দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, "বিদ্যমান ব্যবস্থার এজেন্টরা' ধষর্ণ ও নির্যাতন চালানোর জন্য দায়ী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৩৫ ঘ.