তেহরান, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পরমাণু কর্মসূচি নিয়ে ইরান পশ্চিমাদের সঙ্গে আলোচনা করতে চায়- এরকম কোনো বিবৃতি দেওয়ার কথা অস্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবার একথা জানিয়েছে।
এরআগে একই দিন, একই টেলিভিশন আলী আসগর সোলতানিয়ের নামের ওই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল, "পারস্পরিক শ্রদ্ধারভিত্তিতে কোনও পূর্বশর্ত ছাড়াই পশ্চিমাদের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে তেহরান প্রস্তুত।"
কিন্তু পরে টেলিভিশনটি আলী আসগরের উদ্ধৃতি দিয়ে বলেছে, তিনি পরমাণু কর্মসূচি নিয়ে কাউকে সাক্ষাৎকার বা এরকম কোনো মন্তব্য করেননি। কেন্দ্রটি বিস্তারিত আর কিছু বলেনি।
আলী আসগর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় (আইএইএ) ইরানের দূত।
তিনি বলেন, "ইরানের মূল নীতিমালার কোনো পরিবর্তন হয়নি। আইএইএ'র কাঠামোর মধ্যে থেকেই শান্তিপূর্ণ লক্ষেই ইরানের পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে।"
ইরানকে পরমাণু কর্মসূচি পরিহারের বিনিময়ে বাণিজ্য সুবিধা নিয়ে আলোচনায় বসা, নয়ত কঠোর নিষেধাজ্ঞা ভোগ করা-- দুয়ের মধ্যে একটি বেছে নেওয়ার জন্য সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
পশ্চিমাদের ধারণা ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। কিন্তু ইরান তাদের পরমাণু কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজেই ব্যবহৃত হচ্ছে বলে দাবি করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২০২ ঘ.
bdnews24