২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে বন্দিদের নির্যাতন করে হত্যার অভিযোগ

ইরানে ১২ জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর গ্রেপ্তার হওয়াদের কয়েকজনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। নির্বাচনে পরাজিত প্রার্থী মেহদি কারুবি বৃহস্পতিবার তার ওয়েবসাইটে এ অভিযোগ করেছেন। তবে অন্যান্য বন্দিদের মুখে নির্যাতনের কোনও অভিযোগ শোনা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2009, 07:51 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

তেহরান, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানে ১২ জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর গ্রেপ্তার হওয়াদের কয়েকজনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। নির্বাচনে পরাজিত প্রার্থী মেহদি কারুবি বৃহস্পতিবার তার ওয়েবসাইটে এ অভিযোগ করেছেন। তবে অন্যান্য বন্দিদের মুখে নির্যাতনের কোনও অভিযোগ শোনা যায়নি। বন্দি নির্যাতন করে হত্যার অভিযোগ সম্পর্কে কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। তবে কারা নির্যাতনের অভিযোগ তদন্তকারী পার্লামেন্টারি কমিটির ওপর রাষ্ট্রীয় টেলিভিশনের একটি প্রতিবেদনে দেখা গেছে, আটককৃতরা তাদের সঙ্গে যথাযথ আচরণ করা হয়েছে বলেই সাক্ষ্য দিয়েছে। তেহরানের এভিন কারাগারে আটক এক তরুণ বন্দি বলেছে, "আমি কোনও চাপের মুখে নেই। জেল কর্তৃপক্ষ আমাকে যেভাবে রেখেছে তাতে আমি সন্তুষ্ট।" এই কারাগারে বহুসংখ্যক রাজবন্দি আছে। কিন্তু কারুবি অভিযোগ করে বলেন, আটক কয়েকজন বিক্ষোভকারীকে (নির্বাচন-পরবর্তী বিক্ষোভে) কেবলমাত্র স্লোগান দেওয়ার অপরাধে পিটিয়ে মারা হয়েছে। তিনি আরও বলেন, তেহরানের কারিজাক জেলে নারী বন্দিদের ধর্ষণ করা হয়েছে এবং অন্যান্য বন্দিদেরকে নগ্ন হতে বাধ্য করা হচ্ছে। কারারক্ষীরা তাদের পিঠেও চড়ছে। কারুবি বলেন, "কিছু কিছু বন্দি জোর করে তাদের কাপড় খুলে নেওয়ার কথা বলেছে এবং এরপর তাদেরকে ঘোড়া সেজে কারারক্ষীদের পিঠে নিতে হয়েছে বলেও জানিয়েছে।" নগ্ন বন্দিদের একজনের ওপর আরেকজনকে চড়িয়ে স্তুপ বানানো হয়েছে বলেও কারুবি অভিযোগ করেন। ওদিকে, ইরান কর্তৃপক্ষ কারিজাক জেলে বন্দি ধর্ষণের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তেহরানের পুলিশ প্রধানও জেলে নির্যাতনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। নির্বাচন-পরবর্তী সহিংসতায় আটকদের বেশির ভাগই বন্দি আছে দক্ষিণ তেহরান কারাগারে। কাস্টডিতে অন্তত তিনজনের মৃত্যু ঘটেছে। জেলে নির্যাতনের খবরে ইরানে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত মাসে কারিজাক জেল বন্ধের নির্দেশ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫০৫ ঘ.