জাতিসংঘ, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরানে ১২ জুনের বিতর্কিত নির্বাচনের পর প্রতিবাদ-বিক্ষোভের মুখে ২য় মেয়াদে শপথ নেওয়া প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে মঙ্গলবার অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
আহমাদিনেজাদের কাছে লেখা এক সৌজন্য চিঠিতে বান এই অনিন্দন জানান। জাতিসংঘের মুখপাত্র ম্যারি ওকাবে একথা জানিয়েছেন। কিন্তু চিঠিতে বান কি লিখেছেন তা প্রকাশ করা যাবে না বলে জানান তিনি।
ইরানে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক ও বিক্ষোভ-সহিংসতার কারণে আহমাদিনেজাদের প্রেসিডেন্সিকে স্বাগত জানাতে নারাজ পশ্চিমা নেতারা। আহমাদিনেজাদের ইসরায়েল বিরোধী বক্তব্য এবং পরমাণু কর্মসূচি বন্ধে আপোসহীন মনোভাবের কারণেও পশ্চিমারা নাখোশ।
ফলে গত সপ্তাহে আহমাদিনেজাদ প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার সময় তারা তাকে অভিনন্দন জানাতে অস্বীকৃতি জানায়।
আহমাদিনেজাদকে অভিনন্দন জানাননি প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি এবং জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল।
জাতিসংঘ মুখপাত্র ওকাবে বলেছেন, বানের চিঠির অর্থ আহমাদিনেজাদকে অনুমোদন দেওয়া নয়। বরং আহমাদিনেজাদের শপথ গ্রহণের সুবাদে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু তুলে ধরার ক্ষেত্রে ইরান এবং জাতিসংঘের ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার আশা প্রকাশ করাই চিঠির উদ্দেশ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৩ ঘ.
bdnews24