২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে এইচ১এন১ ফ্লুতে মৃত ৮, বলিউডে শুটিং বাতিল

ভারতে সোয়াইন ফ্লুর এইচ১এন১ ভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮ জনে পৌঁছেছে। ভাইরাস সংক্রমণ ঠেকাতে পশ্চিম ভারতের কয়েকটি নগরীতে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, শপিং মল এবং সিনেমা হল। বিঘ্ন ঘটেছে চলচ্চিত্র ব্যবসায়ও। পুনেতে 'কুরবান' ছবির শুটিং বাতিল করেছেন নির্মাতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2009, 09:02 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

মুম্বাই, ১১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----ভারতে সোয়াইন ফ্লুর এইচ১এন১ ভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮ জনে পৌঁছেছে। ভাইরাস সংক্রমণ ঠেকাতে পশ্চিম ভারতের কয়েকটি নগরীতে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, শপিং মল এবং সিনেমা হল। বিঘ্ন ঘটেছে চলচ্চিত্র ব্যবসায়ও। পুনেতে 'কুরবান' ছবির শুটিং বাতিল করেছেন নির্মাতারা। ভারতে এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮৫০ জনেরও বেশি মানুষ। চিকিৎসাধীন রয়েছে ৩৪০ জন এবং বাকীরা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। ভারতের স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবী আজাদ একথা জানিয়েছেন। সোমবার তিনি বলেন, ভাইরাস সংক্রমণ এবং মৃতের হার বাড়তে থাকায় আমাদের কঠিন পরিশ্রম করতে হবে। ভারতের তিনটি ওষুধ কোম্পানী ফ্লুর টিকা তৈরি নিয়ে কাজ করছে। টিকা সহজলভ্য হতে আরও ৫ থেকে ৭ মাস লেগে যেতে পারে বলে জানান তিনি। সরকারের এক সমন্বয়ক বলেছেন, দক্ষিণাঞ্চলীয় হায়দ্রাবাদ নগরীতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ চলাকালেই ফ্লু আক্রান্ত হয়েছেন মালয়েশিয় কোচ। ওদিকে, ফ্লুতে এ পর্যন্ত মারা যাওয়া ৮ জনের ছয়জনেরই মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। পুনেতে এতে মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পর সেখানে স্কুল, শপিং মল এবং সিনেমা হলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে ভ্রমণের ওপরও কড়াকড়ি করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোয়াইন ফ্লু 'অপ্রতিরোধ্য' বলে আখ্যা দিয়েছে। স্কুল বন্ধ রেখে লাভ নেই বিশেষজ্ঞদের এমন অভিমতের পরও ভারতে কয়েকটি স্কুল এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আজাদ বলেন, "স্কুল বন্ধ করে সমস্যার সমাধান হবে না। তবে বিষয়টি আমরা রাজ্য সরকারের ওপর ছেড়ে দিয়েছি।" ওদিকে, বলিউড কর্তৃপক্ষ ছবির শুটিং বাতিল করে রয়টার্সকে বলেছে, "ঝুঁকি নেওয়ার কোনও মানে হয় না। বিশেষ করে এত দ্রুত ছড়ানোর কারণে এটি মারাত্মক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৬ ঘ.