২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়া যুদ্ধের একবছর, এখনও বাস্তুচ্যুত ৩০ হাজার মানুষ

জর্জিয়ার বিচ্ছন্নতাবাদী অঞ্চল সাউথ ওসেটিয়ায় মস্কোর সঙ্গে তিবলিসির যুদ্ধের এক বছর পূর্তি শুক্রবার পালন করেছে জর্জিয়া। ৫ দিনের ওই যুদ্ধে নিহত হয়েছিল অন্ততপক্ষে ৩৯০ জন। বাস্তুচ্যুত হয় ১ লাখেরও বেশি মানুষ। বাস্তুচ্যুত লোকের সংখ্যা এখনও প্রায় ৩০ হাজার বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2009, 10:22 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

মস্কো, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----জর্জিয়ার বিচ্ছন্নতাবাদী অঞ্চল সাউথ ওসেটিয়ায় মস্কোর সঙ্গে তিবলিসির যুদ্ধের এক বছর পূর্তি শুক্রবার পালন করেছে জর্জিয়া। ৫ দিনের ওই যুদ্ধে নিহত হয়েছিল অন্ততপক্ষে ৩৯০ জন। বাস্তুচ্যুত হয় ১ লাখেরও বেশি মানুষ। বাস্তুচ্যুত লোকের সংখ্যা এখনও প্রায় ৩০ হাজার বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত বছর ৭ আগস্টে জর্জিয়া বাহিনী সাউথ ওসেটিয়ায় বিচ্ছিন্নতাবদীদের বিরুদ্ধে অভিযান শুরুর পর ওসেটিয়ায় জর্জিয়া বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে রাশিয়া। ১২ আগস্টে যুদ্ধ শেষ হয়। মধ্যরাতে রাজধানী ও অন্যান্য শহরে আগুন জ্বালিয়ে শুক্রবার যুদ্ধের একবছর পূর্তির মূহুর্ত উদযাপন করেছে জর্জিয়া। বর্ষপূর্তি উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীসহ আরও নানা অনুষ্ঠানের আয়োজন করে জর্জিয়া। ওদিকে, পদযাত্রা এবং মোমবাতি মিছিলের পরিকল্পনা নেয় সাউথ ওসেটিয়া। অ্যামনেস্টি ইন্টারন্যশনালের হিসাবমতে, যুদ্ধে বাস্তুচ্যুত লোকের সংখ্যা ১৯২,০০০। তবে জর্জিয়া সরকার এ সংখ্যা ১৩৮,০০০ উল্লেখ করেছে। বাস্তুচ্যুতদের নিয়ে তৈরি করা ৪৬ পাতার এক নতুন প্রতিবেদনে অ্যামনেস্টি জানিয়েছে, সাউথ ওসেটিয়া থেকে রাশিয়ায় পালিয়ে যাওয়া ৩৮,৫০০ মানুষের মধ্যে মাত্র ৪ হাজার জন বাড়িঘরে ফিরে যেতে পেরেছে। রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী গ্রেগরি কারাসিন বৃহস্পতিবার বাস্তুচ্যুত মানুষের মোট সংখ্যা উল্লেখ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি বলেন, সাউথ ওসেটিয়ায় বাস্তুচ্যুত অনেক জর্জিয়ই জর্জিয়ায় যাবে। মস্কো যুদ্ধ শেষে সাউথ ওসেটিয়াকে স্বাধীন বলে স্বীকৃতি দেওয়ার পর জর্জিয়ার সঙ্গে ওসেটিয়ার নতুন বিভক্ত সীমান্তে বাস্তুচ্যুত জাতিগত জর্জিয়রা দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছে বলে জানিয়েছে অ্যামনেস্টি। সংস্থাটি বলেছে, নতুন সীমান্তের কারণে কিংবা ওই এলাকায় জায়গায় জায়গায় বিস্ফোরক পাতা থাকার কারণে বাস্তুচ্যুতরা তাদের আবাসভূমিতে ফিরতে পারছে না। মানবিক ত্রাণ নির্ভরশীল হয়ে পড়েছে অনেকেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩০ ঘ.