ইসলামাবাদ, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে বুধবার স্ত্রীর সঙ্গে তালেবান প্রধান বায়তুল্লাহ মেহসুদেরও নিহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক।
মালিক শুক্রবার বলেন, "ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হয়েছেন বলেই ধারণা করছি আমরা। আমরা কিছু তথ্য পেয়েছি। তবে তা নিশ্চিত করার মতো প্রমাণ আমাদের হাতে নেই।"
এবিসি নিউজ ঊর্ধ্বতন এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, ক্ষেপণাস্ত্র হামলায় মেহসুদ নিহত হওয়ার সম্ভাবনা ৯৫ শতাংশ। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মেহসুদ নিহত হওয়ার কিছু আলামত পেয়েছে এবং পাকিস্তানিরা এখন বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য শারিরীক প্রমাণ জোগাড়ের চেষ্টা করছে বলে জানিয়েছে এবিসি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, "মেহসুদ মারা গেছেন এটি বিশ্বাস করার কারণ আছে। তিনি বলেন, "তার মৃত্যুর খবর সত্য এটি বিশ্বাস করারও কারণে আছে। কিন্তু এ মুহূর্তে এটি নিশ্চিত করা যাচ্ছে না।"
যুক্তরাষ্ট্র আল কায়েদার মিত্র মেহসুদের মাথার জন্য ৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে।
মেহসুদের শ্বশুরবাড়িতে গত বুধবার মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে তার স্ত্রীসহ তিনজন নিহত হওয়ার কথা জানায় মেহসুদের এক আত্মীয়। দক্ষিণ ওয়াজিরিস্তানে ওই বাড়িতে মার্কিন চালকহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়।
মেহসুদের আত্মীয় টেলিফোনে রয়টার্সকে বলেন, "হামলায় নিহত মহিলাটি যে মেহসুদের স্ত্রী এ ব্যাপারে আমি আপনাদের নিশ্চিত করছি।"
নাম প্রকাশ না করার শর্তে ওই আত্মীয় জানান, মেহসুদ কোথায় রয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
পাকিস্তানের আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তান বায়তুল্লাহ মেহসুদের শক্ত ঘাঁটি বলে পরিচিত। ওই অঞ্চলে মার্কিন বিমান হামলা একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। পাকিস্তানও সেখানে বিমান হামলাসহ মাঝারি ধরনের সামরিক অভিযান চালিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৪০ ঘ.
bdnews24