২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন তামিল টাইগার প্রধান গ্রেপ্তার: শ্রীলংকা

শ্রীলংকায় ২৫ বছরের গৃহযুদ্ধে পরাজিত বিচ্ছিন্নতাবাদী দল লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিই)'র নতুন প্রধান সেলভারাজা পাথমানাথন থাইল্যান্ডে গ্রেপ্তার হয়েছেন। শ্রীলংকার সেনাবাহিনী বৃহস্পতিবার একথা জানিয়েছে। গত মে মাসে শ্রীলংকায় সেনাঅভিযানে এলটিটিই'র পরাজয়ের পর সেলভারাজা দলের দায়িত্ব নেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ নেটওয়ার্ক ইন্টারপোলের দুটো গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2009, 03:49 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

কলোম্বো, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- শ্রীলংকায় ২৫ বছরের গৃহযুদ্ধে পরাজিত বিচ্ছিন্নতাবাদী দল লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিই)'র নতুন প্রধান সেলভারাজা পাথমানাথন থাইল্যান্ডে গ্রেপ্তার হয়েছেন। শ্রীলংকার সেনাবাহিনী বৃহস্পতিবার একথা জানিয়েছে। গত মে মাসে শ্রীলংকায় সেনাঅভিযানে এলটিটিই'র পরাজয়ের পর সেলভারাজা দলের দায়িত্ব নেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ নেটওয়ার্ক ইন্টারপোলের দুটো গ্রেপ্তারি পরোয়ানা ছিল। শ্রীলংকার সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়াক্কারা বলেছেন, "তাকে ব্যাংককে গ্রেপ্তার করা হয়েছে। এ মুহূর্তে আমরা এটুকুই জানি।" থাই কর্মকর্তাদের কাছ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। কেপি নামে পরিচিত পাথমানাথন দীর্ঘদিন ধরে এলটিটিই'র অস্ত্র ও চোরাচালান নেটওয়ার্ক পরিচালনা করে আসছিলেন। গত ১৮ মে শ্রীলংকার সেনাবাহিনী এলটিটিই'র বিরুদ্ধে সেনা অভিযানে জয় ঘোষণা করে ২৫ বছরের গৃহযুদ্ধের সমাপ্তি টানার পর দলটির নতুন প্রধান হন পাথমানাথন। পাথমানাথনই প্রথম সেনা অভিযানে এলটিটিই'র প্রতিষ্ঠাতা ভেলুপিল্লাই প্রভাকরণের মৃত্যুর কথা স্বীকার করেন। পাথমানাথন দক্ষিণ-পূর্ব এশিয়ায় লুকিয়ে আছেন বলে দীর্ঘদিন থেকে ধারণা করে আসছে নিরাপত্তা বিশেষজ্ঞরা। শ্রীলংকায় নিয়োজিত এক পশ্চিমা কূটনীতিক এ বছরের শুরুর দিকে এলটিটিইকে আত্মসমর্পণ করতে রাজি করানোর চেষ্টায় এ অঞ্চলে কোনও এক জায়গায় তার সঙ্গে দেখা করেছিলেন। পাথমানাথনের গ্রেপ্তারের খবরটি নিরপেক্ষ সূত্রে নিশ্চিত হলে এটি হবে এলটিটিই'র জন্য আরেকটি বড় ধাক্কা। বিবিসি এ কথা জানিয়েছে। শ্রীলংকায় সেনা অভিযানের মধ্য দিয়ে গৃহযুদ্ধ শেষের পর পাথমানাথন অহিংস পন্থায় স্বাধীন তামিল রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। এক্ষেত্রে তার প্রথম উদ্যোগের মধ্যে ছিল নির্বাসিত তামিল সরকার গঠনের চেষ্টা করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১০০ ঘ.