প্যারিস, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---পাকিস্তান ইন্টারপোলের মাধ্যমে গত নভেম্বরে মুম্বাই হামলায় সন্দেভাজন ১৩ জনকে বিশ্বব্যাপী খোঁজা শুরু করেছে। আন্তর্জতিক পুলিশ নেটওয়ার্ক ইন্টারপোল বৃহস্পতিবার একথা জানিয়েছে।
ফ্রান্সভিত্তিক সংস্থাটি জানায়, ইসলামাবাদ ইন্টারপোলের সদস্য দেশগুলোর প্রতি ওই পলাতকদের খুঁজে বের করতে সহায়তা করার আহ্বান জানিয়েছে। কোনোরকম তথ্য থাকলে দ্রুত তা পাকিস্তানকে জানাতে বলা হয়েছে।
ইন্টারপোলের বিবৃতিতে সন্দেহভাজনদের নাম উল্লেখ করা হয়নি।
ইন্টারপোলের মহাসচিব রোনাল্ড নোবল বিবৃতিতে বলেছেন, পাকিস্তানের কর্তৃপক্ষ সন্দেহভাজনদের সন্ধানে ইন্টারপোলের বিশ্বব্যাপী নেটওয়ার্ক ও অন্যান্য মাধ্যম পুরোপুরি ব্যবহার করতে বলেছে।"
তিনি বলেন, "এতে ইন্টারপোলের ১৮৭টি দেশকে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার তদন্তে সহায়তা এবং এ থেকে লাভবান হতে দিতে পাকিস্তানের আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটেছে।"
পাকিস্তান ওই হামলায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ৫ জনের বিচার শুরু করেছে। এ ছাড়া গ্রেপ্তার না হওয়া ১৩ জনের ছবি প্রকাশ করেছে।
নভেম্বরে মুম্বাই হামলায় ১৬৬ জন নিহত হয়।
ভারত ওই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তাইয়্যেবাকে দায়ী করে পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত রেখেছে। নয়াদিল্লির অভিযোগ, পাকিস্তান যথেষ্ট দ্রুততার সঙ্গে দায়ীদের বিরুদ্ধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অগ্রসর হচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮০০ ঘ.
bdnews24