ব্যাংকক, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- থাইল্যান্ডের একটি বাণিজ্যিক বিমান মঙ্গলবার পর্যটন দ্বীপ কো সামুইয়ের রানওয়েতে পিছলে গিয়ে একটি অব্যবহৃত কন্ট্রোল টাওয়ারে ধাক্কা খেলে এক পাইলট নিহত ও সাত যাত্রী আহত হয়েছে। পুলিশ ও বিমান চলাচল বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ব্যাংকক এয়ারওয়েজের বিমানটি দক্ষিণাঞ্চলীয় পর্যটন এলাকা কারাবি থেকে যাত্রা করে প্রবল বর্ষণের মধ্যে কো সামুইয়ের বিমানবন্দরে অবতরণ করার সময় এই দুর্ঘটনা ঘটে। বিমানটি ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু ছিল।
বিমান চলাচল বিভাগের মহাপরিচালক কানিকা কায়েমাউত্তানত রয়টার্সকে বলেন, "বিমানটি অব্যবহৃত কন্ট্রোল টাওয়ারে গিয়ে ধাক্কা খেলে পাইলট মারা যায়।"
হাসপাতালের কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে দুজন ব্রিটিশ ও দুজন ডাচ যাত্রী রয়েছেন। তবে কেউই মারাত্মক আঘাত পাননি।
ব্যাংককের ৭০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কো সামুই লাইল্যান্ডের তৃতীয় বৃহত্তম দ্বীপ ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮৪২ ঘ.
bdnews24