ইসলামাবাদ, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লস্কর-ই-তৈয়্যবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদকে পুনরায় গ্রেপ্তার করতে সরকারের আবেদনের শুনানি সোমবার মুলতবি করেছে পাকিস্তান সুপ্রিম কোর্ট।
গত নভেম্বরের মুম্বাই হামলার জন্য এ জঙ্গি সংগঠনটিকে অভিযুক্ত করেছে ভারত।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবে আল কায়েদার সহযোগী ব্যক্তি ও সংগঠনের তালিকায়ও অন্তর্ভুক্ত করা হয়েছে হাফিজ সাঈদকে। এরপর তাকে আটকও করে পাকিস্তান।
তবে তার বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ নেই জানিয়ে জুনে সাঈদকে ছেড়ে দেয় লাহোরের হাইকোর্ট। এতে অসন্তোষ প্রকাশ করেছে ভারত। পাকিস্তান সাঈদের মুক্তির আদেশের বিরুদ্ধে আপিল করেছে। তবে মন্ত্রীরা বলছেন, ভারতকে সাঈদের বিরুদ্ধে আরও যথাযথ তথ্যপ্রমাণ দিতে হবে।
সাঈদের আইনজীবী এ কে ডোগার জানিয়েছেন, সরকারপক্ষের আইনজীবীরা মামলার জন্য প্রস্তুত না থাকায় পরবর্তী শুনানির দিন ধার্য না করেই আদালত শুনানি মুলতবি ঘোষণা করেছে।
শুনানির পর ডোগার সাংবাদিকদের বলেন, "অ্যাটর্নি জেনারেল আদালত শুরুর আগে এসে জানিয়েছেন আগের আইনজীবী পদত্যাগ করেছেন, তার কাছে সব নথিপত্র। তাই সে মামলার শুনানিতে অংশ নিতে পারছে না।
তিনি আরও বলেন, "সাঈদ মুক্ত। সে যেখানে খুশি যেতে এবং যা খুশি করতে পারবে।"
সাঈদ ২০০১ সালে ভারতীয় পার্লামেন্টে হামলার ঘটনার পর লস্কর ই তৈয়্যবা থেকে পদত্যাগ করলেও এখন জামাত উদ দাওয়ার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
মুম্বাই হামলার পর চিরবৈরী দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান শান্তি আলোচনা বন্ধ হয়ে যায়। গত মাসে উভয়ই আলোচনা পুনরায় শুরুর মত প্রকাশ করলেও শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু কোনো সম্ভাবনা নেই।
ভারত দাবি করেছে, আলোচনা শুরুর আগে পাকিস্তানকে অবশ্যই মুম্বাই হামলায় দোষীদের বিচার করতে হবে এবং পাকিস্তানের অভ্যন্তরে গড়ে ওঠা 'সন্ত্রাসবাদের অবকাঠামো" ভেঙে দিতে হবে।
এছাড়াও মুম্বাই হামলার দায়ে আটক পাঁচ জঙ্গির বিচারের দিকেও তাকিয়ে আছে ভারত। ওই পাঁচ জঙ্গিকে রাওয়ালপিণ্ডির আদিয়ালা কারাগারে আটক রাখা হয়েছে।
এই সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি এবং মামলাটির শুনানি ২৯ আগস্ট পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।
শনিবার ভারত মুম্বাই হামলা বিষয়ে পাকিস্তানকে আরও তথ্যপ্রমাণ দিয়েছে এবং সাঈদের বিরুদ্ধে বিচার শুরুর আহ্বান জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬৫৭ ঘ.
bdnews24