২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রীয় মর্যাদায় একুইনোর শেষকৃত্যে পরিবারের অস্বীকৃতি

রাষ্ট্রীয় মর্যাদায় মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে রোববার অস্বীকৃতি জানিয়েছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট কোরাজন একুইনোর ছোট মেয়ে ক্রিস একুইনো। সরকারের সঙ্গে এ ব্যাপারে তাদের পরিবারের মতবিরোধ আছে বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 12:19 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ম্যানিলা, আগস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- রাষ্ট্রীয় মর্যাদায় মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে রোববার অস্বীকৃতি জানিয়েছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট কোরাজন একুইনোর ছোট মেয়ে ক্রিস একুইনো। সরকারের সঙ্গে এ ব্যাপারে তাদের পরিবারের মতবিরোধ আছে বলে জানান তিনি। ফিল্ম এবং টেলিভিশন তারকা ক্রিস্টনা বর্ণদত্তে ইয়াপ ওরফে ক্রিস একুইনো বলেন, "সাবেক সরকারপ্রধান হিসাবে সরকার থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার প্রস্তাব এসেছে। কিন্তু তার সন্তানরা এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।" জাতীয় টেলিভিশনে ক্রিস বলেন, "২০০৫ সালে কোরাজন একুইনো ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোয়োকে পদত্যাগের দাবি জানানোর পর মায়ের নিরাপত্তা খুঁটিনাটির জন্য মোতায়েন দুই সেনাকে শেষকৃত্যে ডেকে আনার সরকারি সিদ্ধান্ত নিয়ে মতেবিরোধ দেখা দিয়েছে।" একুইনো একসময় অ্যরোয়োর মিত্র থাকলেও পরে অ্যারোয়োর দুর্নীতি এবং নির্বাচনে জালিয়াতির কারণে তার বিপক্ষে অবস্থান নেন। ১৬ মাস ক্যান্সারের সঙ্গে লড়ে শনিবার ৭৬ বছর বয়সে কোরাজন একুইনো মারা গেছেন। তার একমাত্র ছেলে সিনেটর বেনিগনো একুইনো সাংবাদিকদের বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় কোনও শেষকৃত্য হবে না। শুরু থেকে এমন ইচ্ছাই ছিল। পদত্যাগ করার পর থেকে একুইনো কেবলই একজন নাগরিক ছিলেন এবং তার শেষকৃত্য পারিবারিকভাবেই হবে বলে জানান বেনিগনো। প্রতিকূল অবস্থায় গণতন্ত্রের জন্য সংগ্রামের জন্য ফিলিপাইনিরা 'দেবী' হিসেবেই দেখত কোরাজনকে। ১৯৮৩ সালে বেনিনো একুইনো হত্যাকাণ্ডের পর মার্কোসবিরোধী আন্দোলনের হাল ধরেন গৃহবধূ কোরাজন। তীব্র গণ আন্দোলনের মুখে ১৯৮৬ সালে দেশ ছেড়ে পালিয়ে যান মার্কোস। তার স্ত্রী ইমেলন্দা মার্কোসের চাকচিক্যময় জীবনযাপন ছিল বহুল বিতর্কিত। ১৯৮৬ সালে নির্বাচনের মধ্য দিয়ে কোরজনকে প্রেসিডেন্টের আসনে বসায় ফিলিপাইনিরা। তবে তার শাসককাল নিষ্কণ্টক ছিল না। তাকে উৎখাতে বেশ কয়েকটি ব্যর্থ সেনা অভ্যূত্থান হয়। বেনিনো একুইনো জুনিয়র বলেন, "মা মৃত্যুর আগে তাকে সমর্থন ও ভালবাসার জন্য প্রত্যেক ফিলিপাইনিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি চেয়েছেন, আমরা সবাই যেন নিজেদের ভালোর জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করি। সেই সঙ্গে মঙ্গল কামনা করি দেশের জন্যও।" কোরাজনের জন্ম ১৯৩৩ সালের ২৫ জানুয়ারি ফিলিপাইনের একটি ধনী পরিবারে। তার বাবাও ছিলেন ফিলিপাইনের কংগ্রেসম্যান। রাজনীতিক একুইনোকে বিয়ে করায় তার জীবন ছিল সংগ্রামমুখর। তাদের চার মেয়ে ও এক ছেলে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৩ ঘ.