ওয়াশিংটন, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনায় আন্তরিক নয় বলে শুক্রবার অভিযোগ করেছে সৌদি আরব। একইসঙ্গে আঞ্চলিক শান্তি আলোচনা শুরু করার লক্ষ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্কন্নোয়নের মার্কিন আহ্বানও প্রত্যাখ্যান করেছে দেশটি।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী সউদ আল-ফয়সল বলেছেন, মূল বিষয় পিছনে যুক্তরাষ্ট্র আলোচনা শুরু করানোর যে উদ্যোগ নিচ্ছে তাকে কাজ হবে না। অবশ্যই মূল বিষয়গুলো ফয়সালা করতে হবে।
ওয়াশিংটনের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, "সাময়িক নিরাপত্তা ও আস্থা বাড়ানোর পদক্ষেপেও শান্তি আসবে না। দরকার হচ্ছে চূড়ান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা শুরু করা এবং এমন বিস্তারিত উদ্যোগ নেওয়া যাতে চূড়ান্ত ফলাফল আসে।"
তিনি চূড়ান্ত বিষয়গুলি বলতে ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের সীমানা, শরণার্থী এবং জেরুজালেমের ভবিষ্যত নিয়ে বিরোধের মতো বিষয়গুলো বুঝিয়েছেন।
রাখঢাক না রেখে ফয়সল বলেন, "ইসরায়েল মূল সমস্যাগুলো থেকে দৃষ্টি সরিয়ে রাখতে ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি নির্মাণের বিষয়গুলো সামনে নিয়ে এসেছে।"
"ইসরায়েলকে অবশ্যই সিদ্ধান্ত নিতে যে তারা কি শান্তি চায়- যেটা চেষ্টা করলেই সম্ভব; না তারা বিভ্রান্তি ছড়িয়ে যাওয়াই অব্যাহত রাখবে- পরিণতিতে এই অঞ্চল চরম অস্থিতিশীলতা ও সহিংসতায় নিমজ্জিত হবে।"
সউদ আরও বলেন, "ইসরায়েলকে সেসব ভূমিই ফেরত দিতে বলা হচ্ছে যা কখনোই তার ছিল না।"
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এই কঠোর কথাবার্তায় যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ জটিলতায় কিংবা ঝুঁকির মধ্যে পড়বে কিনা এ প্রশ্নের জবাবে হিলারি ক্লিনটন বলেন, "না, আমি তা মনে করি না।"
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চেষ্টা হচ্ছে, সব সমস্যাই "বিস্তারিত পন্থায়" সমাধান করার জন্য আলোচনা শুরু করতে সব পক্ষকে রাজি করানো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫০৮ ঘ.
bdnews24