২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেলায়া প্রসঙ্গে হন্ডুরাসের নতুন প্রেসিডেন্টের সুর নরম

হন্ডুরাসের রাজনৈতিক সংকট সমাধানের জন্য বুধবার নুতন আলোচনার আহ্বান জানিয়েছেন দেশটির অন্তবর্তী সরকার প্রধান। একটি সূত্র জানিয়েছে, কঠিন চাপের মুখে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ম্যানুয়েল জেলায়াকেও তিনি দেশে ফেরার অনুমতি দিতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 10:03 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

তেগুসিগালপা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হন্ডুরাসের রাজনৈতিক সংকট সমাধানের জন্য বুধবার নুতন আলোচনার আহ্বান জানিয়েছেন দেশটির অন্তবর্তী সরকার প্রধান। একটি সূত্র জানিয়েছে, কঠিন চাপের মুখে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ম্যানুয়েল জেলায়াকেও তিনি দেশে ফেরার অনুমতি দিতে পারেন। গত মাসে সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে জেলায়াকে ক্ষমতাচ্যুত করার পর রবার্তো মিচেলেত্তিকে প্রেসিডেন্ট ঘোষণা করে হন্ডুরাস কংগ্রেস। তিনি এখন "আলোচনা শুরু করার সহযোগিতা করার জন্য হন্ডুরাসে" একজন বিশেষ দূত পাঠানোর আহ্বান জানিয়েছেন। অভ্যুত্থানের আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের চাপের মুখে নমনীয় হয়েছেন মিচেলেত্তি। এর আগে কট্টরপন্থা নেওয়া মিচেলেত্তি বলেছেন, সংকট মোকাবেলায় অনেক হন্ডুরানই ভূমিকা রাখতে পারেন। টেলিভিশনে দেওয়া বিবৃতিতে মিচেলেত্তি বলেন, "এ সংলাপে নাগরিক সমাজ, গির্জা, পেশাজীবী দল, ছাত্র, ব্যবসায়ী সংগঠন, গণমাধ্যম, রাজনৈতিক দলসহ সবার অংশগ্রহণে কার্যকর যোগাযোগ হতে হবে।" তিনি মধ্যস্থতাকারী কোস্টারিকার প্রেসিডেন্ট অস্কার আরিয়াসের প্রতি ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক এর সাবেক প্রেসিডেন্ট এনরিক ইগলেসিয়াসকে হন্ডুরাসে পাঠানোর আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র জেলায়াকে পুনর্বহালের দাবি জানিয়েছে এবং মঙ্গলবার মিচেলেত্তির প্রশাসনের চার সদস্যর কূটনৈতিক ভিসা পাওয়ার অধিকার বাতিল করে দিয়েছে। মিচেলেত্তি এতদিন বলে এসেছেন, সুপ্রিম কোর্ট এবং কংগ্রেস জেলায়ার পুনর্বহালের বিরোধিতা করে আসছে। তবে এখন তার এ অবস্থান পরিবর্তিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৭১৪ ঘ.