ওয়াশিংটন, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্ব অভুক্তদের জন্য জরুরি খাদ্য সাহায্যের বড় ধরনের ঘাটতির মুখে আছে। এ বছর ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) এর জন্য প্রয়োজনীয় ৬ দশমিক ৭ বিলিয়ন ডলারের তহবিলের তুলনায় প্রতিশ্র"ত সাহায্য মাত্র ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার। জাতিসংঘ সংস্থাটির নির্বাহী পরিচালক জোসেত্তে শিরান বুধবার একথা বলেছেন।
শিরান বলেন, ডব্লিউএফপি এ পর্যন্ত মাত্র ১ দশমিক ৮ বিলিয়ন ডলার পেয়েছে। ১০৮ মিলিয়ন মানুষের জন্য অপ্রতুল এই সাহায্যের কারণে রেশন এবং খাদ্য সরবরাহ কর্মসূচি কাটছাঁট করতে হয়েছে।
তিনি বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে খাদ্যদব্যের নাটকীয় উচ্চমূল্য এবং স্বল্প আয়ের আবর্তের মধ্যে বিশ্বের বেশ কয়েকটি অংশে এই পদক্ষেপের নেতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরও বলেন, "খাবারই সবচেয়ে বেশি মৌলিক চাহিদা। মানুষ এটি না পেলে তিনটির যে কোনও একটি ঘটে। আর তা হচ্ছে বিদ্রোহ, অভিবাসন কিংবা মৃত্যু।"
বিশ্বে ১ বিলিয়নেরও বেশি মানুষ অভুক্ত। দু বছর আগের তুলনায় এ সংখ্যা ৮৬০ মিলিয়ন বেশি। ডব্লিউএফপি কেবলমাত্র তাদেরকেই খাদ্য সহায়তা দেয় যাদের এই সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন। এটি হচ্ছে মোট সাহায্যের প্রায় ১০ শতাংশ।
গত বছর খাবারের দাম রেকর্ড পরিমাণ বাড়ায় কয়েকটি দেশে দাঙ্গা দেখা দেয়। বিশ্বের ৭৮ টি দেশে ১০২ মিলিয়ন মানুষের সাহায্যর্থে ডব্লিউএফপি রেকর্ড ৫ বিলিয়ন ডলার ডোনেশন পেয়েছে। ২০০৭ সালের তুলনায় এই সাহায্য প্রায় ২ বিলিয়ন ডলার বেশি।
শিরান বলেন, উন্নয়নশীল বিশ্বে খাদ্য সঙ্কট এখনও শেষ হয়নি। এক বছর আগের তুলনায় অনেক দেশেই এখন পরিস্থিতি অনেক বেশি ভয়াবহ। দাতা দেশগুলো অর্থনীতিকে স্থিতিশীল রাখতে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করছে। ফলে তাদেরকে বাজেট নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪২৩ ঘ.
bdnews24