২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সাবমেরিন আঞ্চলিক শান্তির জন্য হুমকি: পাকিস্তান

ভারতের প্রথম পরমাণু শক্তি চালিত সাবমেরিনকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি আখ্যা দিয়েছে পাকিস্তান। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম ওই সাবমেরিনকে হুমকি উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণলয় নিজেদের নিরাপত্তা রক্ষার অঙ্গীকার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 09:49 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ইসলামাবাদ, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারতের প্রথম পরমাণু শক্তি চালিত সাবমেরিনকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি আখ্যা দিয়েছে পাকিস্তান। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম ওই সাবমেরিনকে হুমকি উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণলয় নিজেদের নিরাপত্তা রক্ষার অঙ্গীকার করেছে। ২ দশমিক ৯ বিলিয়ন ডলার ব্যয়ে ৫ টি সাবমেরিন তৈরির পরিকল্পনার আওতায় ভারত গত রোববার পরমাণু শক্তি চালিত প্রথম সাবমেরিন 'অরিহন্ত' উদ্বোধন করে। ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে মোতায়েন হওয়ার আগে সাবমেরিনটি পরীক্ষামূলকভাবে সাগরে থাকবে। আকাশ ও ভূমিতে ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতার পাশাপাশি ভারত এবার সাগরেও ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা অর্জন করেছে নতুন ওই সাবমেরিন চালুর মধ্য দিয়ে। সামরিক কর্মকর্তাদের মতে, পাকিস্তানের কেবল জঙ্গি বিমান এবং ক্ষেপণাস্ত্র আছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার এক বিবৃতিতে বলেছেন, "পাকিস্তানের বিশ্বাস দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তার জন্য কৌশলগত ভারসাম্য রক্ষা করা অপরিহার্য।" এতে বলা হয়, "ভারতের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় না গিয়ে পাকিস্তান তার নিরাপত্তা এবং দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্য রক্ষায় যথাযথ সব পদক্ষেপ নেবে।" উল্লেখ্য, ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে ভারত ও পাকিস্তান তিনবার যুদ্ধ জড়িয়েছে। ২০০২ সালে দু'দেশ আরেকটি যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। ২০০৪ সালের শুরুর দিকে দু'দেশের মধ্যে শান্তিপ্রক্রিয়া শুরু হয়। কিন্তু গত বছর নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৮ ঘ.