জেরুজালেম, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস সোমবার ইসরায়েলকে এই বলে আশ্বস্ত করেছেন যে, পরমাণু কর্মসূচি ত্যাগ করাতে ইরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনার চেষ্টা তেহরানের নীরবতা সত্ত্বেও মূল্যবান পদক্ষেপ এবং সময়ের বিবেচনায়ও গুরুত্বপূর্ণ।
প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে আলোচনার চেষ্টাকে মার্কিন বৈদেশিক নীতির মূলনীতিমালায় রেখেছেন। অন্যদিকে ইসরায়েল তার অস্তিত্বের প্রতি ইরানের পরমাণু কর্মসূচি হুমকি হয়ে দেখা দেবে জানিয়ে কূটনৈতিক প্রচেষ্টায় কাজ না হলে দেশটির পরমাণু স্থাপনায় আগাম হামলা চালানো ইঙ্গিত দিয়ে রেখেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গেটসের সঙ্গে আলোচনায় নেতানিয়াহু "ইরানের পারমাণবিক সামরিক শক্তি অর্জন ঠেকাতে সব উপায় অবলম্বন করার প্রয়োজনীয়তার কথা" পুনরায় ব্যক্ত করেছেন।
গেটস বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামার আশা অনুযায়ী সেপ্টেম্বরের শেষদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময়েই তেহরান যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দেবে।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক এরআগে বলেছেন, ইরানের পারমাণবিক পরিকল্পনা নস্যাত করতে ইসরায়েল এখনো সামরিক শক্তি ব্যবহারের বিষয়টি বিবেচনায় রেখেছে এবং অন্য দেশের প্রতিও এই অবস্থান নেওয়ার অনুরোধ জানিয়েছে।
গেটসের সঙ্গে বৈঠক শেষে ইসরায়েলি বারাক সাংবাদিকদের বলেন "আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোনো সম্ভাবনাই বাদ দেওয়া উচিত নয়। এটাই আমাদের নীতি। অন্যদের প্রতিও আমরা একইরকম অবস্থান নেওয়ার সুপারিশ করছি। তবে আমরা কাউকে নির্দেশনা দিতে পারি না।"
তবে বারাক এটাও বলেছেন, কূটনৈতিক তৎপরতাকে অগ্রাধিকার দেওয়া উচিত, ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়া শুরুর নতুন উদ্যোগ নিয়ে প্রতিরক্ষামন্ত্রী গেটসের পাশাপাশি মধ্যপ্রাচ্য সফর করছেন তার বিশেষ দূত জর্জ মিচেল, এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জিম জোনস।যুক্তরাষ্ট্র।
ইহুদি বসতিস্থাপন থেকে শুরু করে ইরানের পরমাণু কর্মসূচি পর্যন্ত ইস্যু নিয়ে তাদের আলোচনা করারা কথা রয়েছে।
গোলান মালভূমি নিয়ে ইসরায়েল-সিরিয়া আলোচনা শুরু করা এবং ইসরায়ের-ফিলিস্তিন চুক্তির জন্য সিরিয়ার সহায়তা চায় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যবিষয়ক দূত মিচেল রোববার সিরিয়া সফরকালে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের কথা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে জানিয়েছেন।
ইহুদি বসতিস্থাপন ইস্যুতে ছয়মাসেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে আছে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইহুদি বসতিস্থাপন বন্ধ না হলে শান্তি আলোচনা শুরু না করার ব্যাপারে অনঢ় রয়েছেন।
ওবামা ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রণীত মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া রোডম্যাপের আওতায় পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইহুদি বসতিস্থাপন বন্ধের দাবি জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছেন। এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে দীর্ঘদিনের দুই মিত্রদেশের মধ্যে। তবে নেতানিয়াহু বলেছেন, দুপক্ষই সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্কের ব্যাপারে আরবদের পদক্ষেপ ইহুদিবসতিস্থাপন বন্ধে জোট সরকারের শরিকদের রাজি করাতে নেতানিয়াহুর জন্য সহায়ক হতে পারে। মিচেলের সঙ্গে বৈঠকের পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বারাক এই আভাস দিয়েছেন।
মিচেলের সঙ্গে সোমবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দেখা করার কথা রয়েছে এবং মঙ্গলবার তিনি নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচবি/২১১৪ ঘ.
bdnews24