মুম্বাই, ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুম্বাইয়ের একটি বিশেষ আদালত ২০০৩ সালে ওই নগরীতে পরপর কয়েকটি বোমা হামলার পরিকল্পনাকারী হিসেবে তিনজনকে সোমবার দোষীসাব্যস্ত করেছে। ভারত এই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়্যেবাকে দায়ী করে আসছে।
দোষীসাব্যস্ত তিনব্যক্তি হচ্ছে- আশরাত আনসারি, মোহাম্মদ হানিফ এবং তার স্ত্রী ফাহমিদা।
২০০৩ সালের আগস্টে ওই হামলায় ৫০ জনেরও বেশি নিহত ও দুই শতাধিক আহত হয়।
সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকাম সাংবাদিকদের বলেন, "আজ লস্কর বড়ভাবে পরাজিত হয়েছে। বিশেষ আদালতে অভিযুক্ত তিনজনই দোষী প্রমাণিত হয়েছে।"
নিকাম জানান, সন্ত্রাসবাদ দমন অ্যাক্টে পরিচালানাধীন তাদের বিচারের রায় ৪ আগস্ট দেওয়া হবে। কৌঁসুলিরা তিনজনকেই মৃত্যুদণ্ড দেওয়ার আর্জি জানাবেন।
মুম্বাইয়ে গত নভেম্বরের হামলার জন্যও লস্কর-ই-তাইয়্যেবাকে দায়ী করেছে ভারত। এই হামলায় ১৬৬ জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯০৫ ঘ.
bdnews24