তেহরান, ২৭ জুলাই, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ফল সমর্থন প্রত্যাশী ৫০ জন কট্টরপন্থি ধর্মীয় নেতার আহ্বান রোববার প্রত্যাখ্যান করেছেন প্রভাবশালী সাবেক ইরানি প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা আইএলএনএ একথা জানিয়েছে।
৮৬ আসনের বিশেষজ্ঞ সভার ৫০ সদস্য শুক্রবার এক বিবৃতিতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে জোর সমর্থন দেওয়ার জন্য রাফসানজানিকে আহ্বান জানায়। খামেনি ১২ জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের জয় অনুমোদন করেছেন। মধ্যপন্থিরা ওই নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ করেছে।
রাফসানজানি এর আগে ১৭ জুলাইয়ে এক ধর্মীয় নসিহতে ইরান কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ জানিয়ে মধ্যপন্থিদের আটকাভিযান বন্ধের দাবি জানিয়েছিলেন এবং দেশ সঙ্কটের মধ্যে আছে বলে মন্তব্য করেছিলেন।
রোববার আইএলএনএ বার্তা সংস্থা রাফসানজানির উদ্ধৃতি দিয়ে জানায়, নির্বাচনের ব্যপারে আমার অবস্থান একই আছে। যেমনটি আমি বলেছিলাম ১৭ জুলাইয়ে।
নির্বাচন নিয়ে শাসকগোষ্ঠীর মধ্যেই বিভাজন আছে উল্লেখ করে রাফসানজানি বলেন, "বিদ্যমান বিরোধ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট। মতবিভেদ দূর হলে বিরোধ এমনিতেই শেষ হয়ে যাবে।"
খামেনিকে সমর্থন দেওয়ার কট্টরপন্থিদের আহ্বানের জবাবে তিনি বলেন, "তিনি এবং আমি ৫০ বছর ধরে বন্ধু ছিলাম। বিপ্লবের অনেক পর্যায়ই আমরা একসঙ্গে পার করেছি। তিনি তার অভিজ্ঞতার আলোকে বিরোধ মীমাংসা করবেন বলেই আমার প্রত্যাশা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২৫ ঘ.
bdnews24