নয়াদিল্লি, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান সংস্থা কন্টিনেন্টাল এয়ারলাইনস বুধবার ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আবদুল কালামের কাছে ক্ষমা চেয়েছে। সংস্থাটির কর্মীরা দিল্লির একটি বিমানবন্দরে আবদুল কালামের দেহ তল্লাশি করায় ভারত জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রটোকল অনুযায়ী ভারতের বিমানবন্দরে বিশেষ মানীগুণী ব্যক্তিদের নিরাপত্তা তল্লাশি থেকে অব্যাহতি দেওয়ার বিধান রয়েছে। সরকার তাই ওই ঘটনায় বিমানসংস্থাটির বিরুদ্ধে পুলিশের কাছে রিপোর্ট করেছে এবং এ ব্যাপারে জবাবদিহি করতে ৭ দিন সময় দিয়েছে।
সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, "নিরাপত্তাজনিত পরীক্ষার ঘটনায় কোনো ধরনের ভুল বুঝাবুঝি বা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয়ে থাকলে ভারতের সাবেক প্রেসিডেন্ট ড. এপিজে আবদুল কালামের কাছে কন্টিনেন্টাল এয়ারলাইন্স ক্ষমা চাচ্ছে।"
"ড. কালামকে অসম্মান করার বা ভারতীয় জনগণের মনে আঘাত দেওয়ার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না।"
বিমান সংস্থাটি এর আগে বলেছিল, তাদের নিরাপত্তা তল্লাশি থেকে কাউকে অব্যাহতি দেওয়ার বিধান নেই এবং কালামকে অসম্মান করা হয়েছে বলে তাদের মনে হয়নি।
গত এপ্রিলে কালামের দেহ তল্লাশির ঘটনাটি ঘটে। তবে ঘটনাটি জানাজানি হওয়ার পর ভারতীয় গণমাধ্যমে ও পার্লামেন্টে এ নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করা হয়। খবরে বলা হয়েছে, ভারতের বিমানমন্ত্রীও বিষয়টিকে 'ক্ষমার অযোগ্য' বলে মন্তব্য করেছেন।
ভারতীয়রা কালামকে দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক এবং একজন সাধারণ মানুষের গুণাবলীপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে দেখে থাকে।
এ নিয়ে ভারতীয়রা ইন্টারনেটে বিভিন্ন মন্তব্য ও ব্লগে প্রচুর লেখালেখি করছে। তারা প্রশ্ন তুলেছেন- সাবেক কোনো মার্কিন প্রেসিডেন্টকে বিদেশি বিমানে দেহ তল্লাশি করা হলে যুক্তরাষ্ট্রে কেমন প্রতিক্রিয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯২৪ ঘ.
bdnews24