২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেলায়াকে পুনর্বহালে হন্ডুরাসের ওপর চাপ বাড়ছে

সেনা অভ্যুত্থানে উৎখাতকৃত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়াকে ক্ষমতায় পুনর্বহালের জন্য হন্ডুরাসের ওপর চাপ বাড়ছে। জেলায়াকে পুনর্বহাল করা না হলে হন্ডুরাসে সাহায্য কমানোর হুমকি দিয়েছে ওয়াশিংটন। ওদিকে, হন্ডুরাস নমনীয় না হলে রক্তক্ষয়ের হুঁশিয়ারী দিয়েছেন ল্যাটিন আমেরিকার নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 05:41 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

তেগুছিগালপা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সেনা অভ্যুত্থানে উৎখাতকৃত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়াকে ক্ষমতায় পুনর্বহালের জন্য হন্ডুরাসের ওপর চাপ বাড়ছে। জেলায়াকে পুনর্বহাল করা না হলে হন্ডুরাসে সাহায্য কমানোর হুমকি দিয়েছে ওয়াশিংটন। ওদিকে, হন্ডুরাস নমনীয় না হলে রক্তক্ষয়ের হুঁশিয়ারী দিয়েছেন ল্যাটিন আমেরিকার নেতারা। জেলায়া ২৮ জুনে উৎখাত হওয়ার পর হন্ডুরাসে ক্ষমতার লড়াই অবসানের প্রচেষ্টা অন্তর্বর্তী প্রেসিডেন্ট রবার্তো মিচেলেত্তির অনঢ় অবস্থানের মুখে রোববার ভেস্তে গেছে। জেলায়াকে ক্ষমতায় পুনর্বহালে মধ্যস্থতাকারী কোস্টারিকার প্রেসিডেন্ট অস্কার আরিয়াসের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মিচেলেত্তি। মধ্যস্থতা আলোচনায় সঙ্কট নিরসনে দুপক্ষের কাছেই বুধবার পর্যন্ত সময় চেয়েছেন আরিয়াস। কিন্তু আন্তর্জাতিক চাপের মুখেও নিজ অবস্থানে অটল রয়েছেন হন্ডুরাসের প্রেসিডেন্ট মিচেলেত্তি। সোমবার প্রেসিডেন্ট প্রাসাদে গণসংবর্ধনায় এক ভাষণে তিনি বলেন, "আমার অবস্থান বদলাবে না।" ওদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ফোনে কড়া ভাষায় মিচেলেত্তিকে জানিয়ে দিয়েছেন, জেলায়ার সঙ্গে চুক্তি না করলে হন্ডুরাসে অর্থনৈতিক সাহায্য কমানো হবে। প্রেসিডেন্ট আরিয়াসের দেওয়া নীতিমালা মেনে না নিলে হন্ডুরাস এর পরিণতি ভোগ করবে বলেও হিলারি সতর্ক করে দেন। এতে হন্ডুরাস কেবল সাহায্য থেকেই বঞ্চিত হবে না বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্কও ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি। হিলারির মুখপাত্র পি জে ক্রলে একথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র হন্ডুরাসে কি নিষেধাজ্ঞা আরোপ করবে তা স্পষ্ট না হলেও ১৮০ মিলিয়ন ডলারের অর্থনৈতিক সাহায্য কমাতে পারে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই হন্ডুরাসে ১৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের সামরিক সাহায্য কমিয়েছে। ইউরোপীয় কমিশনও হন্ডুরাসে অনেক সুযোগ সুবিধা কমিয়েছে। মিচেলেত্তি সরে না দাঁড়ালে হন্ডুরাসে সহিংসতার আশঙ্কা করছেন ল্যাটিন আমেরিকার নেতারা। অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস এর প্রধান জোসে মিগুয়েল ইনসুলজা বলেছেন, " সংঘাত, সংঘর্ষ ভালো পথ নয়। কিন্তু হন্ডুরাস সরকার নমনীয় না হলে আমরা তা এড়াতে পারব বলে মনে হয় না।" হন্ডুরাসে ক্ষমতার মেয়াদ বাড়ানোর চেষ্টা নিয়ে ২৮ জুন সেনা অভ্যুত্থানে উৎখাত হন প্রেসিডেন্ট মানুয়েল জেলায়া। তাকে উৎখাত করে কোস্টারিকায় নির্বাসনে পাঠায় সেনাবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৫১ ঘ.