২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই হামলার অপরাধ স্বীকার কাসাবের

মুম্বাই হামলার একমাত্র জীবিত হামলাকারী মোহম্মদ আজমল কাসাব সোমবার আদালতে অপরাধ স্বীকার করেছে। হামলার তদন্তের সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তা রাকেশ মারিয়া রয়টার্সকে বলেছেন, পাকিস্তানি নাগরিক কাসাব (২১) সোমবার মুম্বাইয়ের একটি আদালতে অপরাধ স্বীকার করছেন এবং স্বীকারোক্তি রেকর্ড করিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2009, 12:35 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

নয়াদিল্লি, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুম্বাই হামলার একমাত্র জীবিত হামলাকারী মোহম্মদ আজমল কাসাব সোমবার আদালতে অপরাধ স্বীকার করেছে। হামলার তদন্তের সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তা রাকেশ মারিয়া রয়টার্সকে বলেছেন, পাকিস্তানি নাগরিক কাসাব (২১) সোমবার মুম্বাইয়ের একটি আদালতে অপরাধ স্বীকার করছেন এবং স্বীকারোক্তি রেকর্ড করিয়েছেন। রাকেশ মারিয়া বলেন, "হ্যাঁ আজ মুম্বাই আদালতে শুনানির সময় সে নভেম্বরের হামলার ঘটনায় অপরাধ স্বীকার করেছে।" গত নভেম্বরে মুম্বাইয়ে দুটি বিলাসবহুল হোটেলসহ কয়েকটি স্থানে হামলা চালায় ১০ বন্দুকধারী। এতে ১৬৬ জন নিহত হয়। ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ওই হামলা ও অবরোধ পর্যায়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে কাসাব ছাড়া অন্য হামলাকারীরা নিহত হয়। ঘটনার সময় ধারণ হওয়া ভিডিওচিত্রে কাসাবকে একটি একে-ফরটিসেভেন রাইফেল নিয়ে মুম্বাইয়ের প্রধান রেলস্টেশনে হামলা চালাতে দেখা যায়। তার বিরুদ্ধে হত্যা ও ভারতের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়াসহ ৮৬ টি অভিযোগ আনা হয়। মারিয়া রয়টার্সকে বলেছেন, "সে বহু মানুষকে হত্যার হামলায় জড়িত থাকা এবং হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে তার ভূমিকা স্বীকার করেছে।" কাসাব গত মে মাসে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছিল। ভারত ওই হামলার ঘটনায় কাসাবসহ ৩৮ জনকে অভিযুক্ত করেছে। ভারত সরকার বলেছে, এই অভিযুক্তদের বেশিরভাগই পাকিস্তানে রয়েছে। পাকিস্তানের প্রতি হামলার হোতাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে ভারত বলেছে, এরপরেই পাঁচ বছরের পুরোনো শান্তি আলোচনা পুনরায় শুরু করার বিষয়টি ভেবে দেখা হবে। হামলার পরপরই শাস্তি আলোচনা থেমে যায়। উভয়পক্ষই হামলার পর উত্তপ্ত বাক্যবিনিময় করে। ভারত বলেছে, বন্দুকধারীরা অবশ্যই পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলোর সমর্থন পেয়েছিল। ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করলেও হামলাটির আংশিক পরিকল্পনা ও তা পাকিস্তান থেকেই পরিচালিত হওয়ার কথা স্বীকার করে। পাকিস্তান ওই ঘটনায় বেশ কয়েকজন ইসলামি নেতাকে গ্রেপ্তার করে যাদের মধ্যে পরিকল্পনাকারী হিসেবে ভারতের নাম উল্লেখ করা কয়েকজনও ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭২৯ ঘ.