২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হন্ডুরাস সঙ্কট নিরসন আলোচনা ব্যর্থ, সহিংসতার আশঙ্কা

হন্ডুরাসের অন্তর্র্বতী সরকারের সঙ্গে উৎখাতকৃত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়ার রাজনৈতিক সঙ্কট নিরসন আলোচনা রোববার ব্যর্থ হয়েছে। জেলায়াকে ক্ষমতায় ফিরিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হন্ডুরাস। ফলে ভেস্তে গেছে আলোচনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2009, 04:55 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

কোস্টারিকা, ২০ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- হন্ডুরাসের অন্তর্র্বতী সরকারের সঙ্গে উৎখাতকৃত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়ার রাজনৈতিক সঙ্কট নিরসন আলোচনা রোববার ব্যর্থ হয়েছে। জেলায়াকে ক্ষমতায় ফিরিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হন্ডুরাস। ফলে ভেস্তে গেছে আলোচনা। খুব শিগগিরি দু'পক্ষ চুক্তিতে উপনীত না হলে রক্তক্ষয় ঘটবে বলে সতর্ক করে দিয়েছেন মধ্যস্থতাকারী কোস্টারিকার প্রেসিডেন্ট অস্কার আরিয়াস। রোববার আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই জেলায়া হন্ডুরাস সরকারের গ্রেপ্তারের হুমকি উপেক্ষা করে আগামী সপ্তাহে দেশে ফেরার অঙ্গীকার করেছেন। কিন্ত প্রতিপক্ষের সঙ্গে কোনও চুক্তি না করেই জেলায়ার দেশে প্রত্যাবর্তনের চেষ্টা সহিংসতা উস্কে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু জেলায়া সাংবাদিকদের বলেছেন, "কেউই আমাকে রুখতে পারবে না।" জেলায়া এর আগে একবার ৫ জুলাইয়ে হন্ডুরাসে ফেরার চেষ্টা করে ব্যর্থ হন। ওই সময় তেগুছিগালপার বিমানবন্দরে সেনাদের সঙ্গে জেলায়া সমর্থকদের সংঘর্ষে অন্ততপক্ষে ১ জন নিহত হয়। রোববার জেলায়াকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কোস্টারিকার প্রস্তাব হন্ডুরাসের অন্তর্র্বতী সরকার প্রত্যাখ্যান করার পর আরিয়াস আগামী তিনদিনে দুপক্ষকে আবারও আপোসমূলক চুক্তিতে উপনীত হওয়ার চেষ্টা নেওয়ার আহ্বান জানিয়েছেন। হন্ডুরাসকে সহিংসতা থেকে বাঁচাতে এ চুক্তির আহ্বান জানিয়ে কোস্টারিকার সান জোসেতে সাংবাদিকদের তিনি বলেন, "আগামী ৭২ ঘন্টার এই চেষ্টায় হয়তো আমরা হন্ডুরাসে রক্তক্ষয় এড়াতে পারব।" তিনি আরও বলেন, "আলোচনার বিকল্প কি? কালই যদি কোনও সশস্ত্র হন্ডুরান নাগরিক কোনও সেনাকে গুলি করে কিংবা কোনও সেনা কোনও নাগরিকের ওপর গুলি চালায় তাহলে কি ঘটবে? এতে রক্তক্ষয় হতে পারে কিংবা গৃহযুদ্ধ বেধে যেতে পারে যেটা হন্ডুরাসের জনগণের কাম্য নয়।" হন্ডুরাসে ২৮ জুনের সেনা অভ্যুত্থানে উৎখাত হন প্রেসিডেন্ট মানুয়েল জেলায়া। তাকে উৎখাত করে কোস্টারিকা নির্বাসনে পাঠায় সেনাবাহিনী। ক্ষমতায় পুনর্বহালের জন্য জেলায়া ব্যাপক আন্তর্জাতিক সমর্থন পাচ্ছেন। কিন্তু হন্ডুরাসের অন্তর্র্বতী প্রেসিডেন্ট রবার্তো মিচেলেত্তি এ পর্যন্ত জেলায়াকে পুনর্বহালের দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২০০ ঘ.