২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় আত্মঘাতীর মুখমণ্ডল পুনর্নির্মাণ করা হচ্ছে

জাকার্তার বিলাসবহুল দুটি হোটেলে শুক্রবারের বোমা হামলাকারীদের সনাক্ত করতে এক সন্দেহভাজন আত্মঘাতীর বিচ্ছিন্ন হয়ে যাওয়া মাথা থেকে তার মুখমণ্ডল পুনর্নির্মাণ করা হচ্ছে। ইন্দোনেশিয়ার পুলিশ রোববার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2009, 09:24 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

জাকার্তা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাকার্তার বিলাসবহুল দুটি হোটেলে শুক্রবারের বোমা হামলাকারীদের সনাক্ত করতে এক সন্দেহভাজন আত্মঘাতীর বিচ্ছিন্ন হয়ে যাওয়া মাথা থেকে তার মুখমণ্ডল পুনর্নির্মাণ করা হচ্ছে। ইন্দোনেশিয়ার পুলিশ রোববার একথা জানিয়েছে। পুলিশের তথ্য মতে জেডব্লিউ ম্যারিয়ট ও রিজ-কার্লটন হোটেলে ওই হামলায় ৯ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছে। জাকার্তার ওই হোটেল দুটি ব্যবসায়ী ও কূটনীতিকদের কাছে খুবই জনপ্রিয় এবং হোটেল দুটিকে জাকার্তার নিরাপদ ভবনগুলোর অন্যতম বলে মনে করা হয়ে থাকে। বিস্ফোরণে নিহতদের লাশগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে এবং তাদের সনাক্ত করা যাচ্ছে না। পুলিশের মুখপাত্র নানান সুকর্ণ এক সংবাদ সম্মেলনে বলেন, "আমরা যে মাথাগুলো খুঁজে পেয়েছি তার মধ্যে থেকে একটির মুখমণ্ডল পুনর্নির্মাণ করে দেখব সেটি ১৮০৮ নম্বর রুমের অতিথির সঙ্গে মিলে কি না। এটা সেই ব্যক্তি কিনা সে বিষয়ে অভ্যর্থনাকারী ও প্রত্যক্ষদর্শীদের কাছে জিজ্ঞাসা করব।" পুলিশ জানায়, হামলাকারীরা অতিথি হয়ে বুধবার ম্যারিয়ট হোটেলে প্রবেশ করে এবং তাদের কক্ষে বসে সঙ্গে নিয়ে আসা উপকরণ দিয়ে বোমাগুলো তৈরি করে। একই কক্ষে ল্যাপটপ কম্পিউটারের ব্যাগে আরও একটি বোমা পাওয়া গেছে। সুকর্ণ জানিয়েছেন, হামলার ধরন দেখে মনে হচ্ছে ইসলামি জঙ্গি গ্র"প জেমাহ ইসলামিয়াহ (জেআই) এ হামলা চালিয়েছে। এ গ্র"পটি ২০০৫ সালে জাকার্তা ও পর্যটন দ্বীপ বালিতে হামলা চালিয়েছিল। বালি হামলার দিকে ইঙ্গিত করে তিনি বলে, "বালি ও কিলাকাপে ওই একই পদ্ধতি ও সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬০৬ ঘ.