মুম্বাই, ১৯ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের কোম্পানীগুলো থেকে ভারতে অত্যাধুনিক অস্ত্র বিক্রির পথ সুগম করতে শনিবার প্রয়োজনীয় প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করার আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
মুম্বাইয়ে অস্ত্র চুক্তি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হিলারি বলেন, "আমরা বেশ কয়েকটি চুক্তি চূড়ান্ত করা নিয়ে কঠোর পরিশ্রম করছি। এগুলো চূড়ান্ত করা এবং তা জানিয়ে দেওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।"
যুক্তরাষ্ট্রের আইনের আওতায় এ ধরনের চুক্তি ভারতে অস্ত্র বিক্রির জন্য প্রয়োজনীয়। ভারত মার্কিন ফার্মগুলো থেকে ১২৬ মাল্টি-রোল ফাইটার কেনার পরিকল্পনা করেছে। ১০ দশমিক ৪ বিলিয়ন ডলারের এই চুক্তি বিশ্বে অন্যতম বড় ধরনের অস্ত্র চুক্তি। তাছাড়া, যুক্তরাষ্ট্রের লকহীড মার্টিন কর্পোরেশন এবং বোয়িং কোম্পানির জন্যও এটি লাভজনক হিসাবে বিবেচিত হচ্ছে।
আগামী ৫ বছরে সেনাবাহিনীর আধুনিকায়নে ৩০ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনার আওতায় ভারত ওই অস্ত্রচুক্তি করছে।
এ চুক্তি ছাড়াও গত বছর ভারতের সঙ্গে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের বেসামরিক পরমাণু চুক্তিও চূড়ান্ত করার আশা প্রকাশ করেছেন হিলারি। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ার জন্য নির্দিষ্ট দুটো স্থানের নামও হিলারি ঘোষণা করবেন বলে আশা করছেন কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২১১ ঘ.
bdnews24