গুয়ান্তানামো বে, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কিউবার গুয়ান্তানামো বে'র মার্কিন বন্দিশিবির খোলা রাখা এবং যুদ্ধপরাধের বিচার কাজ চালিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে বৃহস্পতিবার আহ্বান জানিয়েছে ৯/১১ হামলায় নিহত কয়েকজনের আত্মীয়রা।
পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলায় নিহতদের পরিবরগুলোর ৯ জনকে গুয়ান্তানামো বে বন্দিশিবির পরিদর্শনে নিয়ে আসা হয়েছিল। তবে শিবিরে ঢুকতে দেওয়া হয়নি। তারা কেবল শিবিরের নিরাপত্তরক্ষীদের সঙ্গে দেখা করেছে এবং যুদ্ধাপরাধের বিচারকাজ দেখেছে। ৯/১১ হামলা পরিকল্পনার অভিযোগে অভিযুক্ত ৫ জনের তিনজনকেও দেখেছে তারা।
কম্পিউটারে গুয়ান্তানামো বে বন্দিশিবির দেখতে আগ্রহী আত্মীয়দের তালিকা থেকে দৈবচয়নের মাধ্যমে ওই ৯ জনকে বেছে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এই বন্দিশিবিরে বন্দি নির্যাতনের ঘটনায় বিশ্বে যুক্তরাষ্ট্রের মানবাধিকার রক্ষার ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় প্রেসিডেন্ট বারাক ওবামা শিবিরটি আগামী জানুয়ারির মধ্যেই বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
কিন্তু, ৯/১১ হামলায় ছেলে হারানো পেনিসেলভেনিয়ার গ্যারি রেইস এর উক্তি, "এই শিবিরের প্রয়োজন আছে। আমাদের জন্য এই শিবির অত্যন্ত প্রয়োজন-- একথা বলা ছাড়া তো আর আমাদের কিছু পাওয়ার নেই।"
গ্যারির সঙ্গে একই সুরে তার স্ত্রী জুদিথ বলেন, "দয়া করে গুয়ান্তানামো বে খোলা রাখুন। ৯-১১ হামলায় নিহত ৩ হাজার মানুষের জন্য ন্যায়বিচারের ব্যবস্থা করতেই হবে। ছেলে জোসুয়ার কথা স্মরণ করে আমি এ আবেদন জানাচ্ছি।"
৯/১১ হামলায় প্রিয়জন হারানো মেলিসা লং বলেন, "শিবিরটি বন্ধে আমাদের সরকারের সদ্য নির্বাহী আদেশে আমরা বোকা বনে গেছি। আমাদের অবস্থান দুর্বল হয়ে পড়েছে এবং এতে আরও হামলার আশঙ্কা বেড়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২৯ ঘ.
bdnews24