ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি) - একা একটি নৌকা নিয়ে সবচেয়ে কম বয়সে বিশ্বভ্রমণের নতুন রেকর্ড গড়েছে এক মার্কিন কিশোর। ১৭ বছর বয়সী জ্যাক সান্ডারল্যান্ড গত বছরের ১৪ জুন ক্যালিফোর্নিয়ার মেরিনা ডেল রে থেকে রওয়ানা হয়ে ১৩ মাসে ৪৫ হাজার কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে গতকাল যাত্রাস্থলে ফিরে এসে এ রেকর্ড গড়ে।
ইন্টারপিড নামের মাত্র ৩৬ ফিটের একটি ইয়ট নিয়ে সে প্রশান্ত মহাসগর পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে আসে। সেখান থেকে ভারত মহাসাগর পাড়ি দিয়ে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন এবং তারপর আটলান্টিক পাড়ি দিয়ে পানামা খাল হয়ে পুনরায় ক্যালিফোর্নিয়ায় ফিরে যায় জ্যাক।
১৩ মাসের এ সমুদ্রভ্রমণে ঝড়ের কবলেও পড়েছে জ্যাক। ইয়টের যন্ত্রপাতি বিকল হয়েছে, ভারত মহাসাগরে জলদস্যুদের খপ্পরে পড়েছে তবুও তার সংকল্প টলেনি। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জ্যাক জানায়, বিরূপ এই পরিস্থিতিতেও অভিযাত্রা শেষ না করে ফিরতে ইচ্ছে করেনি তার।
সফরের সময় স্যাটেলাইটের মাধ্যমে নিয়মিতভাবে পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ ছিল। তাছাড়া, তার বাবার সঙ্গে বিভিন্ন দেশের বন্দরে বেশ কয়েকবারই দেখা হয়েছে তার। সমুদ্রে থাকার সময় বেশিরভাগ ক্ষেত্রেই শুকনো খাবার খেয়েছে জ্যাক। ইয়ট বিকল থাকার সময়ে অনিদ্রায় ভুগেছে সে।
বিশ্বরেকর্ড গড়া এ কিশোর অভিযাত্রী জানিয়েছে, ইতোমধ্যেই পরবর্তী অ্যাডভেঞ্চারে বেরোতে মনস্থির করেছে সে। জ্যাকের পরবর্তী মিশন হতে পারে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট কিংবা সর্বদক্ষিণের বরফ মহাদেশ অ্যান্টার্কটিকার মেরুবলয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১২৩৭ ঘ.
bdnews24