শ্রীনগর, জুলাই ১৬ (বিডিনিউচ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতীয় কাশ্মীরে দুই নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনার তথ্যপ্রমাণ নষ্ট করার অভিযোগে চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
গত ২৯ মে' শোপিয়ান শহরে ওই দুই নারীর মৃতদেহ পাওয়ার পর কাশ্মীর জুড়ে তীব্র ভারতবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমন করতে আধা-সামরিক বাহিনীর তৎপরতায় চার বিক্ষোভকারী নিহত ও কয়েকশ' আহত হয়।
স্থানীয়রা নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে অন্তত ১০ জনকে হত্যা করার অভিযোগ করেছে।
সোফিয়ান কাশ্মীরে গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে। এর অধিবাসীরা বলেছেন, ১৭ ও ২২ বছর বয়সী ওই দুই মুসলিম নারীকে নিরাপত্তা বাহিনী ধরে নিয়ে ধর্ষণের পর হত্যা করে।
ওই অভিযোগে গঠিত বিচারবিভাগীয় তদন্ত কমিশনের রিপোর্টে পুলিশের এতে জড়িত থাকার ইঙ্গিত দেওয়া হয়। কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তের পর ওই দুই নারীকে ধর্ষণের বিষয়ে নিশ্চিত হয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছিল।
কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেছেন, "গ্রেপ্তারের পর চার পুলিশ কর্মকর্তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।"
শ্রীনগরের একটি আদালত এই চার পুলিশ সদস্যের ডিএনএ নমুনা সংগ্রহেরও নির্দেশ দিয়েছেন যাদের মধ্যে শোপিয়ান জেলার সাবেক পুলিশ প্রধানও রয়েছেন।
গত শুক্রবার বিচারবিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন উদ্ধৃত করে কাশ্মীরের অর্থমন্ত্রী আব্দুল রহিম রাঠার বলেন, "ওই ঘটনায় জে অ্যান্ড কে (জম্মু ও কাশ্মীর) পুলিশের কিছু সংস্থার জড়িত থাকার বিষয়টি পুরোপুরি নাকচ করে দেওয়া যাচ্ছে না।"
তিনি বলেন, "সরকার তদন্ত কমিশনের সুপারিশ মেনে নিয়েছে এবং এ ব্যাপারে যথাবিহিত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮১৯ ঘ.
bdnews24