ওয়াশিংটন, জুলাই ১৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগান কর্তৃপক্ষকে আরও বেশি দায়-দায়িত্ব নেওয়ায় সক্ষম করে তুলে আফগানিস্তান থেকে বেরিয়ে আসার একটি কার্যকর কৌশল দরকার বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, 'আমরা সবাই' এমন একটি কৌশল চাই।
মঙ্গলবার নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যান পিটার বালকেনেন্ডের সঙ্গে জলবায়ু পরিবর্তন, বিশ্ব অর্থনীতি এবং আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে কথা বলার পর ওবামা এ মন্তব্য করেন।
তিনি বলেন,"আমরা সবাই কার্যকর একটি বেরিয়ে আসার কৌশল দেখতে চাই, যেখানে আফগান সেনাবাহিনী, পুলিশ, আদালত ও সরকার নিজেদের নিরাপত্তা রক্ষায় আরও বেশি দায়িত্ব নেবে।"
প্রায় চার হাজারের মার্কিন মেরিন, কয়েকশ' ন্যাটো ও আফগান সেনা হেলমান্দে তালেবানদের বিরুদ্ধে লড়াই করছে। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনে তালেবানরা ক্ষমতাচ্যুত হয়।
সেপ্টেম্বরে আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে অবশ্য এর মধ্যেই কাবুল এবং যুক্তরাষ্ট্র প্রশাসন তোড়জোড় শুরু করেছে।
ওবামা বলেন," আমরা সেপ্টেম্বরের নির্বাচন সফলভাবে শেষ করতে পারলে এবং সেইসঙ্গে নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণের পাশাপাশি আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়ন একযোগে আরও কার্যকরভাবে চালিয়ে গেলে আশা করি আমরা আফগানিস্তানের নতুন অধ্যায়ে উত্তরণের কাজ শুরু করত পারব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এলকিউ/১৯৩৪ ঘ.
bdnews24