শার্ম এল শেখ (মিশর), জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে ন্যাম সম্মেলনের ফাঁকে বৈঠকে বসছেন দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ইউসুফ রাজা গিলানি।
গিলানি আশা করছেন, দুই দেশের শান্তি আলোচনা পুনরায় শুরুর বিষয়ে বৈঠকে বৈঠকে ইতিবাচক আলোচনা হবে। বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করছে ভারতও।
জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) পঞ্চদশ সম্মেলনে যোগ দিতে মনমোহন ও গিলানি দুজনই এখন মিশরের অবকাশ কেন্দ্র শার্ম এল শেখ এ।
বৃহস্পতিবার তাদের বৈঠক হবে বলে দুই দেশের কর্মকর্তারা জানিয়েছেন।
গত নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ করে দেয় ভারত। ওই হামলায় প্রায় ১৭৫ জন নিহত হয়।
মিশর রওনা হওয়ার আগে গিলানি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "মুম্বাই হামলার আগ পর্যন্ত সবকিছু সঠিক পথেই এগোচ্ছিল। আলোচনা বন্ধ করে দেওয়ায় জঙ্গিরাই লাভবান হয়েছে।"
তিনি বলেন, "আমার মনে দুই দেশের মধ্যে আরও বেশি কথা হওয়া উচিত। এটা শান্তি আলোচনা পুনরায় শুরুর ক্ষেত্র তৈরি করবে।
"আমি নিশ্চিত ওই ধরনের মতবিনিময় দেশের জন্য মঙ্গলজনক হবে।"
পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে মনমোহন সিংয়ের বৈঠকে কী নিয়ে আলোচনা হবে, তা জানাতে চাওয়া হলে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ সাংবাদিকদের বলেন, "ওই গুরুত্বপূর্ণ বৈঠক থেকে কী ফলাফল হয়, তার জন্য অপেক্ষা করি।"
মিশরের সম্ভাব্য ওই বৈঠক মুম্বাই হামলার পর দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের তৃতীয় বৈঠক। এর আগে আঞ্চলিক এক সম্মেলনে রাশিয়ায় মনমোহন সিং ও পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বৈঠক করেন।
এছাড়া গত মাসে ইতালিতে জি-৮ সম্মেলনের সময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে অংশ নেন।
দুই দেশের আলোচনা বন্ধ করার অবস্থানের পক্ষে যুক্তি দেখিয়ে ভারত বলে আসছে, মুম্বাই হামলার সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর সংশ্লিষ্টতা আছে।
পাকিস্তান অবশ্য এ অভিযোগ অস্বীকার করে আসছে এবং সন্দেহভাজন পাকিস্তানি হামলাকারীদের বিচারের ঘোষণা দিয়েছে।
ইসলামাবাদের পক্ষ থেকে বারবার আলোচনা শুরুর তাগিদ দেওয়া হলেও নয়াদিল্লি বলছে, মুম্বাইসহ ভারতের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা পরিচালকারী গোষ্ঠীগুলো দমনে পাকিস্তানের আন্তরিকতার প্রমাণ দেখাতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24