বার্লিন, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নাৎসি মৃত্যুশিবিরের প্রহরী জন ডেমিয়ানুকের বিরুদ্ধে সোমবার অভিযোগপত্র দিয়েছে জার্মানির কৌঁসুলিরা। তার বিরুদ্ধে প্রায় ২৮ হাজার ইহুদিকে হত্যায় সহায়তা করার অভিযোগ আনা হয়েছে। জার্মানিতে এটাই নাৎসি আমলের যুদ্ধাপরাধসংক্রান্ত সর্বশেষ বড়ধরনের মামলা হিসেবে গণ্য হতে যাচ্ছে।
কৌঁসুলিরা এক বিবৃতিতে বলেন, "মিউনিখের রাষ্ট্রীয় কৌঁসুলিরা আজ ৮৯ বছর বয়সী জন ডেমিয়ানুকের বিরুদ্ধে ২৭,৯০০ জনকে হত্যার একজন সহায়তাকারী হিসেবে অভিযুক্ত করেছে।"
ডেমিয়ানুককে গত ১২ মে যুক্তরাষ্ট্র থেকে জার্মানিতে আনা হয়। জার্মানির দক্ষিণাঞ্চলের একটি কারাগারে তাকে রাখা হয়েছে। কৌঁসুলিরা বলছেন, মিউনিখের একটি আদালতে তার বিচার করা হবে।
আদালত তার বিচার শুরুর তারিখ না জানালেও রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, শরতে তা শুরু হতে পারে।
ইউক্রেনে জন্মগ্রহণকারী ডেমিয়ানুক হলোকস্টে তার ভূমিকা থাকার অভিযোগ অস্বীকার করেছেন। জার্মানির চিকিৎসা বিশেষজ্ঞরা তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর মতো শারীরিকভাবে সক্ষম ঘোষণা করলেও তার পরিবার তাকে যথেষ্ট দুর্বল দাবি করে আসছে।
কৌঁসুলিরা বলেছেন, চিকিৎসকেরা তার জন্য ৯০ মিনিট করে দিনে মাত্র দুবার শুনানি করার জন্য আদালতকে পরামর্শ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৫৭ ঘ.
bdnews24