২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা ধরে রাখতে চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রী

টোকিওর স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন জোটের পরাজয়ের পর ক্ষমতা ধরে রাখতে চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী তারো আসো। আসন্ন জাতীয় নির্বাচনের আগে বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টির (ডিপিজে) কাছে এই পরাজয় আসোর জন্য একটি বড় ধরনের ধাক্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 03:16 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

টোকিও, ১৩ জুলাই, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- টোকিওর স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন জোটের পরাজয়ের পর ক্ষমতা ধরে রাখতে চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী তারো আসো। আসন্ন জাতীয় নির্বাচনের আগে বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টির (ডিপিজে) কাছে এই পরাজয় আসোর জন্য একটি বড় ধরনের ধাক্কা। আসো ইতোমধ্যেই পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছেন। রোববার তিনি ক্ষমতাসীন দলের আইনপ্রণেতাদের বলেছেন, মঙ্গলবারের মধ্যেই তিনি পার্লামেন্টের নিুকক্ষ ভেঙে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন এবং সোমবার তিনি তা জানাবেন। কিয়োদো বার্তা সংস্থা একথা জানিয়েছে। সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ ৮ আগস্ট বলেও জানায় কিয়োদো। টোকিওর স্থানীয় নির্বাচনে আসোর লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ও এর শরিক দল সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। অন্যদিকে, বেশির ভাগ আসনে জয়ী হয়েছে বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টি। জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী আসোর জন্য জনপ্রিয়তার পরীক্ষা এটি। স্থানীয় নির্বাচনের এই প্রভাব সাধারণ নির্বাচনে আরও বড় হয়ে দেখা দিতে পারে বলে শঙ্কিত এলডিপি'র ঊর্ধ্বতন কর্মকর্তা নোবুতেরো ইশিহারা। তিনি ইতোমধ্যেই আসোর অধীনে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দিতায় নামার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। বিরোধীদলীয় নেতা ইউকিয়ো হাতোয়ামা পার্লামেন্টের নিুকক্ষ ভেঙে দিয়ে এবং সাধারণ নির্বাচন দিয়ে জনগণের রায়ের জন্য আবেদন জানাতে আসোকে আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৮ ঘ.