উরুমছি, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- চীনের সিনচিয়াং প্রদেশের রাজধানী উরুমছির একটি এলাকায় শুক্রবার জুম্মার নামাজের পর উইগুররা বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এর আগে কর্তৃপক্ষ জাতিগত সহিংসতার আশঙ্কায় এদিন মসজিদে জুম্মার নামাজ আদায় নিষিদ্ধ করেছিল।
তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কয়েক শ' উইগুর নগরীর হোয়াইট মসজিদের কাছে সমবেত হয়। পুলিশ সাঁজোয়া যানের ওপর সাব মেশিনগান উঁচিয়ে সেখানে অবস্থান নেয় এবং মসজিদে আসার চারপাশের রাস্তা বন্ধ করে দেয়। আকাশ হেলিকপ্টারও টহল দিতে থাকে।
মুসল্লিরা ভিড় করায় পুলিশ তাদের মসজিদের ভেতর নামাজ পড়তে অনুমতি দেয়। নামাজ শেষে কয়েকজন বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়।
উরুমছির একজন নারী বলেন, "দেখুন তারা উইগুরদের সঙ্গে কেমন আচরণ করছে- যেন আমরা পশু।"
কর্তৃপক্ষ আগেই উরুমছির উইগুর বাজার এলাকার কয়েকটি মসজিদে জুম্মার নামাজ বন্ধ রাখার নোটিশ টাঙিয়ে দেয়।
মসজিদের আশেপাশে পাহারা বসায় সেনারা। উরুমছির বড় ডং কুরকুক ব্রিজ মসজিদের বাইরের পরিস্থিতি নজরে রাখা নাম প্রকাশে অনিচ্ছুক এক মুসল্লির উক্তি, "মসজিদ খুলবে না। কমিউনিস্ট পার্টি আমাদের মসজিদ খুলতে দেবে না।"
কাছাকাছি গায়ুয়ান মসজিদের প্রবেশদ্বারে টাঙানো একটি নোটিশে লেখা, "ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ থেকে মসজিদে নামাজ পড়া বন্ধ রাখা হবে। কেউ নামাজ আদায় করতে চাইলে অনুগ্রহ করে তা বাড়িতেই করুন।"
উরুমছিতে গত কয়েকদিনে ভয়াবহ দাঙ্গা সহিংসতার পর উইগুর মুসলিমরা মসজিদে একজায়গায় জড়ো হলে আবারও অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে আশঙ্কায় কর্তৃপক্ষ এই কড়াকড়ি করেছে বলে মনে করা হচ্ছে।
চীনের প্রেসিডেন্ট হু জিনতাও মন্তব্য করেছেন, সিনচিয়াংয়ে সামাজিক স্থিতিশীলতা রক্ষা করাটাই এ মুহূর্তে সবচে জরুরি কাজ। একইসঙ্গে তিনি দাঙ্গাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন। পরিস্থিতির কারণে জিনতাও বুধবার জি-এইট সম্মেলন বাতিল করে দেশে ফেরেন।
উরুমছিতে গত রোববার শুরু হওয়া দাঙ্গায় ১৫৬ জন নিহত এবং ১০৮০ মানুষ আহত হয়েছে। জিনতাও এই দাঙ্গাকে দেশে এবং বিদেশে তিনটি শক্তির পরিকল্পিত 'মারাত্মক সহিংস অপরাধ' বলে বর্ণনা করেছেন। 'তিন শক্তি' বলতে তিনি ধর্মীয় চরমপন্থী, বিচ্ছিন্নতাবাদী এবং সন্ত্রাসীদের বুঝিয়েছেন।
তিনি বলেন, "স্থানীয় কর্তৃপক্ষের উচিত দাঙ্গাকারীদের ছোট ছোট দলগুলোকে একঘরে করে কঠোর শাস্তি দেওয়া।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮১৩ ঘ.
bdnews24