ওয়াশিংটন, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবানবিরোধী অভিযানে পাকিস্তানি সেনাদের সহায়তায় সতর্ক পাহারা শুরু করেছে যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান। কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, মার্কিন ড্রোন বিমানগুলো তালেবান নেতা বাইতুল্লাহ মেহসুদ নিয়ন্ত্রিত সীমান্ত এলাকায় জঙ্গিদের সন্ধান করবে এবং পাকিস্তানকে বিভিন্ন ভিডিও চিত্র, আড়িপেতে রেকর্ড করা কথপোকথন ও অন্যান্য তথ্য সরবরাহ করবে।
ড্রোন বিমানগুলোর এই সতর্ক প্রহরার সঙ্গে সিআইএ'র চালক বিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলার কোনও সম্পর্ক নেই। পাকিস্তান বরাবরই এই ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে আসছে। মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ওয়াজিরিস্তানে বুধবার ৪০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন রিাপত্তা কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পাকিস্তানে সতর্ক পাহারা শুরু করেছিল মার্চের মাঝামাঝিতেই। কিন্তু পরে পাকিস্তানের কারণেই একমাস পরে তা বন্ধ করা হয়। গত মাসে এই মিশন আবার শুরু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩২ ঘ.
bdnews24