জালালাবাদ, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের অস্থিতিশীল পূর্বাঞ্চলের একটি জেলা তালেবানদের হাতে চলে যাওয়ার বিপদ দেখা দিয়েছে। তালেবানরা সেখানে লড়াই চালিয়ে আট পুলিশকে হত্যা করেছে। একজন ঊর্ধ্বতন আফগান কর্মকর্তা বুধবার এ তথ্য জানিয়েছেন।
পাকিস্তান সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় প্রদেশ নুরিস্তানে মঙ্গলবার রাতে ওই বন্দুকযুদ্ধ শুরু হয়। সেখানে তালেবানদের তৎপরতা বাড়তে থাকায় তাদের দমন করতে অভিযানের মধ্যে এই হামলার ঘটনা ঘটল।
তালেবানরা নুরিস্তানের বার্গ মেতাল শহরের একটি সরকারি ভবনে হামলা চালালে বন্দুকযুদ্ধে আট পুলিশ মারা যায়।
প্রদেশটির গভর্নর জামালুদ্দিন বদর এই তথ্য জানিয়ে বলেন, বেশ কয়েক ঘণ্টা ধরে যুদ্ধ চলে। তালেবানরা আরও আট পুলিশকে অপহরণ করে নিয়ে গেছে।
টেলিফোনে তিনি রয়টার্সের এক সাংবাদিককে বলেন, "জেলার সদরদপ্তর এখনো সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু আমাদের শক্তি বৃদ্ধি করা না হলে এটি তালেবানরা দখল করে নেবে।"
আফগান কর্মকর্তারা জানান, বন্দুকযুদ্ধে ২১ তালেবানও নিহত হয়েছে।
তবে তালেবানরা একটি ওয়েবসাইটে জানিয়েছে, তারা সরকারি ভবনটি ঘিরে রেখেছে এবং তাদের মাত্র চার যোদ্ধা নিহত হয়েছে।
রাজধানী কাবুল থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তালেবানদের হামলা ঠেকাতে বার্গ মেতালে অতিরিক্ত ১৩০ জন সেনা ও পুলিশ পাঠানো হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০২০ ঘ.
bdnews24