লা'কুইলা, ইতালি, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জি-এইট নেতারা বিশ্বের জলবায়ু পরিবর্তন বিষয়ক ২০৫০ সালের লক্ষ্যপূরণে উদীয়মান অর্থনীতির দেশগুলোর মতৈক্য সৃষ্টি করতে পারেননি। তারা ডলারের প্রভাব নিয়ে স্পর্শকাতর বিতর্কটিও এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ইতালির লা'কুইলায় বৃহস্পতিবার শুরু হতে যাওয়া বিশ্বের বৃহত্তম অর্থনীতির ১৭টি দেশের এই সম্মেলনের একটি খসড়া দলিল বুধবার রয়টার্সের দেখার সুযোগ হয়। এতে চীনের উত্থাপিত ডলার প্রসঙ্গটিকে হালকা করে বিবৃত করা হয়েছে।
চীনের পাশাপাশি রাশিয়াও যে বিশ্বে মূদ্রা মজুদের ক্ষেত্রে ডলারের পরিবর্তে একটি দীর্ঘমেয়াদি বিকল্পের সন্ধানের দাবি তুলেছে সে ব্যাপারে দলিলে কিছু উল্লেখ করা হয়নি। এ প্রসঙ্গে শুধু বিশ্বব্যাপী একটি 'ভারসাম্যহীনতার' কথা বলা হয়েছে। জি-এইট নেতারা বলছেন, ওই 'ভারসাম্যহীনতার' কথা বলেই পরোক্ষভাবে ডলার বিতর্কটির প্রসঙ্গ সারা হয়েছে।
এতে লেখা হয়েছে, "চলতি হিসাবনিকাশের ক্ষেত্রে বিদ্যমান ভারসাম্যহীনতা সাবলীলভাবে দূর করতে দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও টেকসই প্রবৃদ্ধির প্রয়োজন।"
চীন বলছে, ডলারের প্রভাবের কারণে বিশ্ব অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হচ্ছে এবং সংকট কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপের কারণে চীনের সঞ্চয়কৃত ডলারের দাম পড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। চীনের বৈদেশিক মূদ্রার মজুদের ৭০ ভাগই ডলারে রয়েছে।
ইতালির শৈলশহর লা'কুইলায় বৃহস্পতিবার গ্র"প অব এইটের শীর্ষ নেতাদের বৈঠক নির্ধারিত থাকলেও বুধবারেই সেখানে সম্মেলন শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, ফ্রান্স, ব্রিটিশ, ইতালি, কানাডা ও রাশিয়ার নেতারা অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনা করছেন। খসড়া দলিলে বিশ্ব অর্থনীতি ও আর্থিক ব্যবস্থার ক্ষেত্রে এখনো যথেষ্ট পরিমাণে ঝুঁকি বিদ্যমান বলা হয়েছে।
জাপানে গত বছরের বৈঠকে জি-এইট নেতারা অর্থনৈতিক সমস্যাকে মোটেই পাত্তা দেননি। এরপর মন্দায় ঢলে পড়া চলমান সংকটের মতো আরেকটি সংকট ঠেকাতে দেশগুলোর সম্ভাব্য ভূমিকা নিয়ে তাই এবারের সম্মেলনে আলোচনা হবে।
তবে কর্মকর্তারা বলেছেন, এই সম্মেলন থেকে খুব অল্পই বড় উদ্যোগ বের হয়ে আসবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮২৪ ঘ.
bdnews24