লসএঞ্জেলেস, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----বাংলাদেশ সময় মঙ্গলবার রাত বারোটায় বহু প্রতীক্ষিত স্মরণানুষ্ঠানের মধ্য দিয়ে পপ সম্রাট মাইকেল জ্যাকসনকে বেদনাবিধূর বিদায় জানিয়েছে তার অগণিত ভক্ত আর পরিবার-পরিজনরা। মারায়া ক্যারি, স্টিভ ওয়ান্ডার, লায়োনেল রিচিসহ নামকরা গায়ক-গায়িকারা গান গেয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন জ্যাকসনকে। কোরাসে অংশ নিয়েছেন জ্যাকসনের সন্তানরাসহ বাবা-মাও।
জ্যাকসনের ১১ বছরের কন্যা প্যারিস বাবার কথা স্মরণ করে কান্নাজড়িত কণ্ঠে বলেন, "তিনি ছিলেন সেরা বাবা যা আপনি কখনও ভাবতেও পারবেন না।"
দর্শকে ঠাঁসা লস এঞ্জেলেসের স্টেপলস সেন্টারে জ্যাকসনের মরদেহ বয়ে আনে সাদা গ্লাভস আর কালো কোটপরা তার ভাইয়েরা। সোনার কারুকাজ করা জ্যাকসনের কফিনটি ছিল ফুলে ফুলে সুশোভিত। কফিনটি রাখা হয় মঞ্চের সামনে। এই স্টেপলস সেন্টারেই জ্যাকসন তার লন্ডন কনসার্টের মহড়া দিয়েছিলেন।
অনুষ্ঠান শুরুতেই মারায়া ক্যারি গেয়ে শোনান জ্যাকসনের ১৯৭০ সালের 'আই উইল বি দেয়ার' গানটি। আর গায়ক স্মোকি রবিনসন পড়ে শোনান জ্যাকসন স্মরণে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা এবং গায়িকা ডায়ানা রসের পাঠানো বার্তা।
তবে ১৮ হাজারেরও বেশি দর্শকশ্রোতা অনেক বেশি মুগ্ধ ছিলেন জ্যাকসনের পারফর্মেন্সেই। টিভি পর্দায় এ পপ সম্রাটের বিভিন্ন কনসার্টের ফুটেজ, মিউজিক ভিডিও এবং নিউজ ক্লিপস দেখানোর সময় দর্শকরা ছিল মন্ত্রমুগ্ধ। জ্যাকসনের পুরনো সব গান, নাচ বিশেষ করে মুনওয়াক দেখে তারা বিমোহিত হয়ে যায়।
মোটাউন রেকর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা বেরি গর্ডি এক আবেগঘন বক্তৃতায় বলেন, "মাইকেল সম্পর্কে যত বেশি ভাবি, যত বেশি কথা বলি, ততই মনে হয় পপসম্রাটের জন্য এটিই যথেষ্ট নয়। আমার মনে হয় তিনি ছিলেন এ যাবৎকালে বিশ্বের সেরা বিনোদোন তারকা।"
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়া সফরকালে বলেন, "আমাদের যুগের অন্যতম সেরা বিনোদোন তারকা ছিলেন মাইকেল, সম্ভবত যে কোনও যুগেরই সেরা বিনোদোন তারকা তিনি। আমার মনে হয় এলভিস, সিনাত্রা, বিটলসের মতো তিনিও আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।"
মঙ্গলবারের দু ঘণ্টার গণস্মরণানুষ্ঠানে মাইকেলের ৪৫ বছরের সঙ্গীত জীবন, শিশুদের নিয়ে তার বিভিন্ন সেবামূলক কাজ, পপ সঙ্গীতের মূলধারায় তার ভূমিকা এবং সেলিব্রেটি জগৎ থেকে আফ্রো-আমেরিকান সমাজে তার ভূমিকার কথা তুলে ধরা হয়।
জ্যাকসনের জীবনের অন্ধকার দিকগুলোর কথা যারা তুলে ধরেছেন তাদের একজন হচেছন মোটোয়ান রেকর্ডস এর প্রতিষ্ঠাতা গর্ডি। ১৩ গ্র্যামি এওয়ার্ড জেতা জ্যাকসনের শেষ দশ বছরে ছায়া ফেলা কালো অধ্যায়ের কথা তিনি উল্লেখ করেন।
তবে গর্ডি বলেন,"মাইকেল দ্রুতই ফুরিয়ে গেলেও তার জীবন ছিল সুন্দর। কিছু দুঃখজনক, কিছু প্রশ্নসপেক্ষ সিদ্ধান্ত তার জীবনে আছে, তারপরও সবকিছুই তিনি তার স্বপ্নের মতোই কাটিয়ে যেতে পেরেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এলকিউ/১৩১৩ ঘ.
bdnews24